Ajker Patrika

মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

ভোলা প্রতিনিধি 
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৪
মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
জব্দ করা সিমেন্ট। ছবি: সংগৃহীত

মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. শাহদাত হোসেন (৪০), মো. ফোরকান (৪৭), মো. হারুন অর রশিদ বাবুল (৪২), মো. আরিফ (২৫) ও জামসেদ (৩২)। তাঁদের বাড়ি ভোলার লালমোহন, নোয়াখালীর হাতিয়া ও পটুয়াখালীর গলাচিপা এলাকায়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চোরাচালান রোধে ভোলা ও লক্ষ্মীপুরের রামগতির সীমান্তবর্তী চরআব্দুল্লাহ-সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান চালায় কোস্ট গার্ড।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড ভোলা ও লক্ষ্মীপুরের রামগতির সীমান্তবর্তী চরআব্দুল্লাহ-সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ৩২ হাজার ৫০০ কেজি। এ সময় আটক করা হয় পাঁচজনকে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত