
বরিশালের মুলাদীতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুপারিশ করার অভিযোগে সফিপুরের হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতিসহ সংশ্লিষ্ট ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে কলেজের অধ্যক্ষ আ স ম সাহাদাত হোসাইন ও গভর্নিং বডির সভাপতি মো. বশির আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বরিশালের মুলাদী সিভিল জজ আদালতে মামলাটির শুনানি শেষে এ নোটিশ দেওয়া হয় বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম আশরাফুল আলম। আদালতের সিভিল জজ মো. ওমর ফারুক বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৩০ আগস্ট আদালতে মামলাটি করেন হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক খান শ্রেম পাঠান শাহ। মামলায় কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতিসহ মোট ২০ জনকে বিবাদী করা হয়েছে। তাঁদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক, বরিশালের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা শিক্ষা কর্মকর্তাও রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, বাদী খান শ্রেম পাঠান শাহ ২০১৪ সালের ১৭ নভেম্বর বাংলা বিষয়ে প্রভাষক পদে কলেজটিতে যোগ দেন এবং ২০১৫ সালের ১ জানুয়ারি এমপিওভুক্ত হন। তাঁর দাবি, ২০২২ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করেন।
মামলায় বলা হয়েছে, কলেজের কৃষিশিক্ষা বিষয়ের প্রভাষক মো. কামাল হোসেন ২০১৪ সালের ১৮ নভেম্বর প্রভাষক পদে যোগ দেন এবং ২০১৫ সালের ১ জুলাই এমপিওভুক্ত হন। যোগদানের তারিখ ও এমপিওভুক্তিসহ চাকরির বিভিন্ন বিষয় বিবেচনায় বাদী জ্যেষ্ঠ হলেও তাঁকে বাদ দিয়ে অপেক্ষাকৃত কনিষ্ঠ শিক্ষক মো. কামাল হোসেনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, এমপিওভুক্ত বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা বিবেচনা করার কথা। কিন্তু হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজে এসব বিষয় যথাযথভাবে বিবেচনা না করেই মো. কামাল হোসেনকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, বাদী পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেনি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে লিখিতভাবে আবেদন করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ার অভিযোগ করেন তিনি। পরে গত ৪ আগস্ট অধ্যক্ষকে আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী এইচ এম আশরাফুল আলম বলেন, ‘বাদী ২০২২ সালে পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করলেও তাঁকে পদোন্নতি না দিয়ে পরবর্তী সময়ে যোগদান করা শিক্ষককে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে। বিষয়টি আইন ও প্রচলিত নীতিমালা অনুযায়ী আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। আদালত শুনানি শেষে কলেজের অধ্যক্ষ ও সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ আ স ম সাহাদাত হোসাইন। তিনি বলেন, ‘শুধু যোগদানের ক্ষেত্রে জ্যেষ্ঠ হলেই তাঁকে পদোন্নতি দেওয়া যাবে না। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী সনদপত্রসহ বিভিন্ন দক্ষতা মূল্যায়ন করে সুপারিশ পাঠাতে হয়। নিয়ম মেনেই গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষিশিক্ষা বিষয়ের প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে। আদালতে যথাসময়ে জবাব দেওয়া হবে।’

কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকনের (৫৫) আকস্মিক মৃত্যু হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হিসেবে দিনভর গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানোর কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
৪০ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে তৃতীয় লিঙ্গের একটি অংশের নেত্রী মৌসুমি হিজড়াকে (৫২) শ্বাসরোধে হত্যার অভিযোগে আব্দুল মোমেন ওরফে রনি শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, টাকা চেয়ে না পেয়ে মৌসুমিকে হত্যা করেন রনি।
২ ঘণ্টা আগে