
বরিশালের মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রে ভুল বিষয়ের নাম ও কোড থাকায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি রিপা দেওয়ান নামে এক শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়ে সে। এ ঘটনায় হতাশ হয়ে পড়েছে ওই শিক্ষার্থী ও তার পরিবার।
শিক্ষার্থীর অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে তার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে ভুল বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওই শিক্ষার্থী সমাজকর্ম বিষয়ে নিবন্ধন করলেও যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে এসেছিল।
রিপা দেওয়ান মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া মুজাফফর খান কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্বহর্ণী গ্রামের দিনমজুর ইদ্রিস আলী দেওয়ানের মেয়ে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোমবার (১৩ জুলাই) মেহেন্দীগঞ্জের সরকারি পাতারহাট রসিক চন্দ্র (আরসি) কলেজ কেন্দ্রে এইচএসসির যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে হাজিরা নেওয়ার সময় কক্ষ পরিদর্শকের নজরে আসে, রিপা দেওয়ানের প্রবেশপত্রে যুক্তিবিদ্যার পরিবর্তে সমাজকর্ম বিষয়ের নাম ও কোড উল্লেখ রয়েছে।
শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের সঙ্গে পরীক্ষার বিষয়ের মিল না থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
রিপা দেওয়ান জানায়, কলেজে ভর্তির সময় সে যুক্তিবিদ্যা বিষয় নিয়েছিল এবং ওই বিষয়েই নিবন্ধন করেছে। কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাতেও সে যুক্তিবিদ্যা বিষয়ে অংশ নিয়েছে। এইচএসসি পরীক্ষার দুই দিন আগে প্রবেশপত্র পেলেও বিষয় পরিবর্তনের বিষয়টি খেয়াল করেনি বলে জানায়।
রিপা বলে, ‘আমি সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করিনি, এমনকি বইও কিনিনি। সময়সূচি অনুযায়ী কেন্দ্রে গিয়ে যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে না পেরে এখন আমি হতাশ। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আগে দেখলে এমন পরিস্থিতি তৈরি হতো না।’
রিপার বাবা ইদ্রিস আলী দেওয়ান বলেন, ‘আমি দিনমজুর মানুষ। অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনার খরচ চালাচ্ছি। কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করছি।’
পরীক্ষা কেন্দ্রের সচিব মো. মামুনুর রশীদ বলেন, ‘শিক্ষার্থীর প্রবেশপত্রে যুক্তিবিদ্যা বিষয় উল্লেখ না থাকায় বোর্ডের নিয়ম অনুযায়ী তার পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ওই শিক্ষার্থী নিবন্ধন রশিদ (রেজিস্ট্রেশন কার্ড) সঙ্গে আনেনি।’
উলানিয়া মুজাফফর খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভর্তির পর রেজিস্ট্রেশন কার্ড কলেজে আসার পর শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। কোনো ভুল থাকলে বিনা খরচে সংশোধনের সুযোগের কথাও জানানো হয়েছিল। কিন্তু ওই সময় রিপা কোনো অভিযোগ করেনি। প্রবেশপত্র দেওয়ার পরও সে বিষয়টি জানায়নি।’
তিনি আরও বলেন, ‘ওই শিক্ষার্থী সমাজকর্ম বিষয়ে ভর্তি ও নিবন্ধন করেছে। সে যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে এসেছে। সমাজকর্ম বিষয়ের পরীক্ষা এখনো বাকি আছে। সে প্রস্তুতি নিয়ে ওই পরীক্ষায় অংশ নিলে সমস্যা হওয়ার কথা নয়।’
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছি। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক অবহেলা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।’

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
২ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
৩ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৩ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৩ ঘণ্টা আগে