Ajker Patrika

মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ
মুলাদী থানা। ছবি: সংগৃহীত

​বরিশালের মুলাদীতে মাদক বহন করতে অস্বীকৃতি জানানোয় সাইদুল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর নয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুল মোল্লা ওই এলাকার ছত্তার মোল্লার ছেলে। বর্তমানে তিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

​আহত সাইদুল মোল্লা জানান, তিনি প্রতিবেশীর একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দড়িচর নয়ঘর এলাকার হাবিবুল রাড়ীর ছেলে শুক্কুর রাড়ী (৪৫) তাঁর গতিপথ রোধ করেন এবং একটি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের প্যাকেট প্যাদারহাটে পৌঁছে দেওয়ার জন্য এক হাজার টাকার প্রলোভন দেখান। সাইদুল এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্কুর রাড়ী তাঁর ওপর ক্ষিপ্ত হন।

​পরে সাইদুল, শুক্কুর রাড়ীর বাড়ির সামনে পৌঁছালে শুক্কুর ও তাঁর সহযোগীরা রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা সাইদুলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে নিয়ে যান। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সাইদুল মোল্লা বাদী হয়ে শুক্কুর রাড়ীসহ পাঁচজনের বিরুদ্ধে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে জানতে শুক্কুর রাড়ীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

​মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, আহত যুবক লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত