
বরিশালের মুলাদীতে মসজিদের মাইক চুরির সন্দেহে রমজান মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ আহত রমজানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত রমজান মিয়া হোসনাবাদ গ্রামের ইউসুফ আলী মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে একই এলাকার মতিউর রহমান হাওলাদারের ছেলে সালাম হাওলাদার ও হাসেম শেখের ছেলে বেল্লাল শেখ রাজমিস্ত্রি রমজানকে তার বাড়ি থেকে ডেকে গ্রামের একটি স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকে ১০ থেকে ১৫ জন অবস্থান করছিলেন। পরে তাঁরা রমজানের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেছেন রমজানের স্বজনেরা।
স্বজনদের দাবি, একপর্যায়ে রমজান গুরুতর আহত হলে কিছু সময়ের জন্য মারধর বন্ধ করা হয়। পরে তাঁকে আবারও মারধর করা হয়। স্থানীয় কয়েকজন ঘটনাটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে মুলাদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রমজানকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন রমজানের নানা। তিনি বলেন, ঘটনার বিষয়ে মুখ খুললে বা সাক্ষ্য দিলে তাঁদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রভাবশালী ও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে গণপিটুনির অভিযোগ অস্বীকার করেছেন সালাম হাওলাদার। তিনি বলেন, স্থানীয় মসজিদের মাইক চুরির বিষয়ে রমজানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
দেশে ব্যাপক পরিমাণ সারের মজুত রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
১১ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে কলা ব্যবসায়ী আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
১৬ মিনিট আগে
আট বছর আগে সৌদি আরবে গিয়ে একবারও দেশে আসেননি রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি (৪৬)। ১৪ আগস্ট ফেরার কথা ছিল তাঁর। করেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনাও। এর আগেই রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণটাই হারালেন তিনি...
৩২ মিনিট আগে