
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার মাঠে আজ শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে কৃষক লীগ নেতা মো. সিরাজ (৬০) নিহত হয়েছেন।
সমাবেশ চলাকালে বেলা আড়াইটার দিকে মাঠের পশ্চিম পাশে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ এমপি এবং রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া ড. শাম্মী আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও সংসদ সদস্য পংকজ নাথ তখন মঞ্চে ছিলেন। তবে সংঘাতের কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী জনসভায় পৌঁছান। এই দুই নেতার সমর্থকদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে।
নিহত সিরাজ হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক। সিরাজকে দুই পক্ষই তাদের লোক বলে দাবি করছেন। মারামারিতে আহত আরও ২০ জনকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত উল্লেখযোগ্যরা হলেন শাওন সরদার (৩৪), সোহান (২৬), শিপন (৩০), সিয়াম (১৩), ইয়াসিন (৩২), কামরুল ইসলাম (৫৫), সেকান্দার গাজী (৩৫), আলাউদ্দিন (৬৫), হাসান (৩৫), ধলু ব্যাপারী (৫৭) ও হানিফ (৬০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত হাসন বলেন, তাঁরা এমপি পংকজের পক্ষে মিছিল নিয়ে জনসভায় প্রবেশ করেন। ওই সময় ড. শাম্মী বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ শাম্মীর লোকজন তাঁদের ওপর পানির বোতল, লাঠি, ইটের খোয়া নিক্ষেপ করে হামলা করতে থাকে।
নিহত সিরাজকে ড. শাম্মীর লোক হিসেবে দাবি করে হিজলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. তানভির বলেন, ‘আমরা মিছিল নিয়ে মাঠের পশ্চিম পাশে অবস্থান করছিলাম। হঠাৎ ঈগলের স্লোগান দিয়ে পংকজের লোকজন হামলা করে।’
তবে পংকজ নাথের সমর্থক শামীম আহমেদ বলেন, কয়েকটি লঞ্চে প্রায় ১৫ হাজার সমর্থক নিয়ে তাঁরা সমাবেশ মাঠের অদূরে কীর্তনখোলা নদীর কেডিসি ঘাটে নামেন। পংকজ নাথ সেখান থেকে মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশ মাঠের দিকে যান। মিছিল জনসভার ভেতরে ঢুকে গেলে তাঁদের ওপর হামলা হয়।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী শেবাচিম হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি বলেন, জনসভাস্থলে তাঁরা ছিলেন না। তবে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, জনসভার মাঠে সিরাজ অসুস্থ হয়ে পড়েছিলেন। দুই পক্ষের মধ্যে মারামারিতে আরও বেশ কয়েকজন শেবাচিম হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।

দুই মাদক ব্যবসায়ীকে আটক করায় গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
১ মিনিট আগে
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়।
১২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে
নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
২০ মিনিট আগে