
বরগুনার পাথরঘাটা পৌরসভার এক ইতালিপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দল প্রবাসীর স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরইতলা এলাকায় ইতালিপ্রবাসী মো. আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীম।
ভুক্তভোগী পরিবার জানায়, ছয় থেকে সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির পশ্চিম পাশের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা প্রবাসীর স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেয়।
প্রবাসীর স্ত্রী মিম জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে জিম্মি করে গলার চেইন, কানের দুলসহ শরীরে থাকা স্বর্ণালংকার খুলে নেয়। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা কাউকে চিৎকার করতে দেয়নি এবং খাটের পাটাতনের নিচে লুকিয়ে রাখা স্বর্ণালংকারও খুঁজে বের করে নিয়ে যায়। তিনি বলেন, ‘ডাকাতেরা পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। কারণ, আগের দিন ব্যাংক থেকে উত্তোলন করা নগদ অর্থের বিষয়েও তারা অবগত ছিল এবং সেই টাকাও লুট করে নেয়।’
পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আলীম জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নেওয়া হয়েছিল সড়ক প্রশস্তকরণ প্রকল্প। সেই কাজ শুরু হয়নি; বরং খানাখন্দে ভরে গেছে সড়ক। কমেছে গতি, বেড়েছে যানজট। এই চিত্র কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের। সম্প্রতি ভারী বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ ডুবে থাকায় ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও বেরিয়ে গেছে ইট, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে ঝুঁকির কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা।
৫ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল ঘাটতি এবং রোগনির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক...
৬ ঘণ্টা আগে
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার পাকা সড়ক সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়ক দিয়ে যানবাহনের যাত্রী ও পথচারীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমের কারণে সড়কের গর্তে পানি জমে এবং কাদার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে