Ajker Patrika

৮ দিন পর ফের উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৮
৮ দিন পর ফের উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট
ফাইল ছবি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সব সময় চেষ্টা করি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কোনো একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়া স্বাভাবিক।’

আনোয়ারুল আজিম আরও বলেন, এখন কেন্দ্রটির দুটি ইউনিটেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলছে। কেন্দ্রটিতে পর্যাপ্ত পরিমাণ কয়লাও মজুত রয়েছে। টানা আট দিন বন্ধ থাকায় কেন্দ্রটির দৈনিক বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।

প্রাথমিকভাবে ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়িয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর প্রথম ইউনিট থেকে ৬৫৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে স্বাভাবিকভাবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত