
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে কুকুরকে কুমির নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার জন্ম দেয়। অনেকে দাবি করেছেন, কুকুরটির হাত-পা বেঁধে কুমিরের সামনে দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন, মাজারের খাদেমরা কুমিরকে কুকুর খাওয়ায়। তবে ভিডিও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে পাওয়া গেছে ভিন্ন তথ্য।
গত বুধবার বিকেলে মাজারের দক্ষিণ দিঘির প্রধান ঘাট থেকে কুকুরটি নিয়ে যায় মাজারে থাকা একমাত্র কুমির ধলা পাহাড়। ঘটনাটি তদন্তে এরই মধ্যে কমিটি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি মাজার কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ভিডিও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কুকুরটি অসুস্থ ছিল। অনেককে কামড় দিয়েছে এবং ঘটনার দিন কুকুরটি নিজে থেকে ঘাটে এসেছিল। এরপর কুমির তাকে ধরে নিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পরে কুকুরটির মৃতদেহ ভেসে উঠলে তা মাটিচাপা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ছড়ানো হয়েছে। এর মধ্যে ৫৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি কুকুর ঘাটে অর্ধেক পানিতে নেমে আছে। মুহূর্তের মধ্যে কুকুরটি পানির আরও গভীরে যাওয়ার চেষ্টা করে। কুমিরটিও আসতে থাকে। যখন কুমিরটি কাছে চলে আসে, তখন কুকুরটি ওপরে উঠে বাঁচার চেষ্টা করলেও পারেনি। কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য দিনের মতো বুধবার বিকেলেও মাজারসংলগ্ন দিঘির প্রধান ঘাটে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দার ভিড় ছিল।
তাঁদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাজারের খাদেমদের নিয়োগ করা নিরাপত্তাপ্রহরী ফোরকান হাওলাদার। হঠাৎ নারীদের ঘাটের দিক থেকে একটি কুকুর দৌড়ে আসে এবং প্রধান ঘাটে থাকা নিরাপত্তাপ্রহরী ফোরকানের পায়ে কামড় দেয়। ফোরকান পা ঝাঁকি দিলে দর্শনার্থীদেরও কামড় দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তাপ্রহরী কুকুরটিকে নিবৃত করার চেষ্টা করলে সেটি ঘাটের নিচের দিকে নামার চেষ্টা করে। একপর্যায়ে দিঘির মধ্য থেকে কুমির এসে ছোঁ মেরে তাকে নিয়ে যায়।
খাদেমদের দাবি, কুকুর হত্যার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি ভিডিও, বিভিন্ন মনগড়া বক্তব্য এবং অপপ্রচার আসলে সত্যি নয়। কুকুরটি অসুস্থ ছিল, কয়েকজনকে কামড়ও দিয়েছে। আর কুমিরের মুখ থেকে কুকুরকে বাঁচাবে—এমন সাহস কারও হয়নি।
মাজারের নারীদের ঘাটের পাশের দোকানি বিনা আক্তার বলেন, তাঁর দোকানের সামনেও কয়েকজনকে আক্রমণ করে কুকুরটি। তিন বছরের একটা বাচ্চাকেও কামড়ায়। তার তিনটি মুরগিও মেরে ফেলেছে কুকুরটি। কুকুরটি পানিতে পড়লে কুমির ধরে নিয়ে যায়।
বিভিন্ন সময় মাজারের এই কুমিরকে খাবার দেওয়া এবং কুমির নিয়ে ভিডিও তৈরি করা পরিচিত মুখ স্থানীয় যুবক মেহেদী হাসান (তপু) বলেন, ‘কুমিরটি কয়েক দিন আগে ডিম পেড়েছে। ডিম পাড়লে মা কুমির হিংস্র হয়ে যায়। ঘটনার সময় আমি ছিলাম না। সেখানে অনেক লোক ছিল। সবাই ভিডিও করেছে। আর হিংস্র কুমিরের মুখের সামনে থেকে কুকুর ছিনিয়ে আনার মতো সাহস তো সবার থাকে না।’
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের নেশায় ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। নানা ধরনের ভুল তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে আমরা এ বিষয়ে থানায় জিডি করেছি।’
তদন্ত কমিটি, ময়নাতদন্ত
কুকুরের মৃত্যুর ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। গতকাল বিকেলে মাজার এলাকায় কুকুরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে এই ময়নাতদন্ত হয়। কুকুরটির মাথা ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে কুকুরটি অসুস্থ ছিল কি না কিংবা জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল কি না, তা জানা যাবে।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘মাজারের দিঘিতে কুমিরকে কখনোই কুকুর খেতে দেওয়া হয় না। আমার জানামতে, এটা ভিত্তিহীন। তবে অনেক সময় ভক্তরা চান তাঁদের মুরগি কুমিরের জন্য ছুড়ে দিতে। ছুড়ে দিলে ওই মুরগি আবার পাড়ে চলে আসে। এ ধরনের জীবিত প্রাণী ছুড়ে দেওয়া বন্ধ করা দরকার। খাদেমসহ যাঁরা মাজারের দেখাশোনার দায়িত্বে আছেন, তাঁদের নির্দেশনা দিয়েছি, কুমিরের খাবার হিসেবে যেন কোনো জীবন্ত প্রাণী দিঘিতে না ফেলা হয় এবং এ বিষয়ে যেন তাঁরা সতর্ক থাকেন।’

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
২২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
৩৭ মিনিট আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়।
১ ঘণ্টা আগে