
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনার তৃতীয় দিনেও থামেনি স্বজনদের আহাজারি। বিভিন্ন স্থান থেকে আসা আত্মীয়স্বজনেরা একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।
গতকাল শনিবার সারা দিন এভাবেই কেটেছে বাগেরহাটের মোংলা উপজেলার শেহালাবুনিয়া এলাকার নিহত আব্দুর রাজ্জাকের পরিবারের জীবিত সদস্য ও তাঁদের আত্মীয়দের।
গতকল সকালে শেহালাবুনিয়া ছত্তার লেনসংলগ্ন আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে কয়েকটি খাটিয়া পড়ে থাকতে দেখা যায়। বাড়ির আঙিনায় গভীর নীরবতা। কিছুক্ষণ পরপর পরিবারের সদস্য ও স্বজনেরা যাচ্ছেন কবরস্থানে। সেখানে প্রিয়জনদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। কেউ কেউ কবরের মাটি ছুঁয়ে নিঃশব্দে কাঁদছেন।
এদিকে বেলা ১১টার দিকে দুর্ঘটনায় নিহত নববধূ মিতুর বাবা আব্দুস সালাম খুলনার কয়রা থেকে মোংলা কবরস্থানে আসেন। কবরের পাশে দাঁড়িয়ে আব্দুস সালাম বলেন, ‘আমার দুটো মেয়েই হারিয়ে গেল। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। এখন মাও নেই। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।’ তাঁকে কাছে পেয়ে নিহত আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যদের কান্নার রোল পড়ে।
কবরস্থানে বসেই আকাশপানে চেয়ে আছেন দুর্ঘটনায় স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৯ সদস্যকে হারানো আশরাফুল রহমান জনি। হারানোর কিছুই যে আর অবশিষ্ট নেই। এখন তিনি আর কান্নাও করছেন না। শোকে পাথর। গাড়ির ভেতর থেকে বের করা স্ত্রী, তিন সন্তান, বাবা, ভাই, বোন, ভাগনে-ভাগনির বীভৎস লাশ দেখতে হয়েছে। পরিবারের সবাইকে মাইক্রোবাসে উঠিয়ে পেছনে মোটরসাইকেলে আসছিলেন তিনি। তাই প্রাণে বেঁচে গেছেন।
জনি বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। সরকারের কাছে একটা কথা বলতে চাই, খুলনা-মোংলা মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মূল্যে এই সড়কে চলাচল করা সব যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা দরকার।’
এদিকে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিহত ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করছেন, নৌবাহিনীর বাসটির অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার তিন দিন পার হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতের স্বজনেরা কোনো মামলা বা অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ।
গত বৃহস্পতিবার বিকেলে খুলনা- মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হন।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গত তিন মাসে বড়সড় অন্তত পাঁচটি পাহাড় কেটে মাটি লুট করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত যত গভীর হয়, ততই বাড়তে থাকে মাটিখেকোদের দৌরাত্ম্য। আর লুট করা পাহাড়ের মাটি বালুর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে।
৩১ মিনিট আগে
হাওর-অধ্যুষিত জেলা সুনামগঞ্জের যোগাযোগ বঞ্চনা দূর করতে দিরাই ও শাল্লা উপজেলার মধ্যে সরাসরি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। এটি মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের একটি অংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জ থেকে দিরাই-শাল্লা ও হবিগঞ্জ হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সড়ক...
১ ঘণ্টা আগে
বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠের সামনে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান
৩ ঘণ্টা আগে