
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
জানা গেছে, গত সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৌর শহরের হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে খান ভুক্তভোগীরা। রাতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বমি, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হলে গতকাল মঙ্গলবার সকালে তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন।
অসুস্থরা হলেন আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন (২৭), তাঁদের শিশুসন্তান তাওহিদ (২) ও তাওসিফ (৮), জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের জিনারুল ইসলাম (৪৬), তাঁর স্ত্রী পান্না খাতুন (৪২) ও ছেলে সাহেদ (১৩) এবং সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের জাহিদ হোসেন, তাঁর স্ত্রী ও ভাগনি।
অসুস্থ ফারুক হোসেন বলেন, ‘অফিস শেষে আলমডাঙ্গার হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যাই। আমার স্ত্রী ও দুই সন্তান ওই খাবার খেয়ে রাত ১২টার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে। গতকাল সকালে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।’
ফারুক বলেন, ‘বিরিয়ানি খাওয়া ব্যক্তিরাই শুধু অসুস্থ হয়েছেন। খাবারে কোনো সমস্যা ছিল কি না, সেটি খতিয়ে দেখা দরকার।’
আরেক ভুক্তভোগী জাহিদ হোসেন জানান, হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খেয়েছিলেন তিনি। পরে সবাই অসুস্থ হয়ে পড়েন। একই খাবার খেয়ে একাধিক ব্যক্তি অসুস্থ হওয়ার ঘটনাটি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন তিনি।
এদিকে ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। খাবারের মান, সংরক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। একই প্রতিষ্ঠান থেকে খাবার খেয়ে একাধিক ব্যক্তি অসুস্থ হওয়ার এ ঘটনা দ্রুত তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ বলেন, ‘চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থেকে শিশুসহ ৯ জন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের ডায়রিয়া ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের ভাষ্য, বিরিয়ানি খাওয়ার পরই তাঁদের অসুস্থতা শুরু হয়।’

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
১০ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
১২ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে