
বেঞ্চ ও বারের মধ্যে সমন্বয়ের অভাব এবং আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের আদালত বর্জন ও তাঁদের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্দোলনের অষ্টম দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
বেলা ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবীরা তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, ‘আজসহ আট দিন ধরে আমরা কর্মসূচি পালন করছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।’
তিনি বলেন, ‘বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় না থাকলে আইনজীবীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। আদালতের কারও সঙ্গে আইনজীবীদের ব্যক্তিগত বিরোধ নেই। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে কাজের সমন্বয়ের অভাব থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
শামছুল ইসলাম মন্টু আরও বলেন, কোনো বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। দাবিগুলো যৌক্তিক হওয়ায় আইনজীবীদের সম্মতিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল কর্মসূচি সঞ্চালনা করেন।
বিক্ষোভ সমাবেশের আগে আইনজীবীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
এর আগে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। তারও আগে ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে চারশ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদালত বর্জনের সিদ্ধান্তে থাকা তিন বিচারক হলেন—চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

কুড়িগ্রামের চর রাজিবপুরে সারের স্লিপ বিতরণ নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের গুদামে ঢুকে সারের বস্তা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলা শহরের রাজিবপুর বাজারে ‘সফি এন্টারপ্রাইজ’ নামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব রহমান বলেন, ‘রোগী ও হাসপাতাল এলাকায় সক্রিয় বলে অভিযোগ থাকা একটি চক্রের সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি আইনি সহায়তা চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’
৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা–জমি নিয়ে বিরোধের জেরে অস্ত্র প্রদর্শন করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
১১ মিনিট আগে
খুলনা নগরীর আলোচিত মাদক বিক্রেতা ও ২২ মামলার আসামি সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামকে (৩৬)গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে খালিশপুর থানা-পুলিশ ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে খালিশপুর থানার নয়াবাটি এলাকার মো. সেলিমের ছেলে।
১৩ মিনিট আগে