Ajker Patrika

রাজশাহীতে নিরাপদ সড়ক চাইয়ের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২২: ৩৪
রাজশাহীতে নিরাপদ সড়ক চাইয়ের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে অক্টোবরজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, চালকদের অসতর্কতা, ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচল, পথচারীদের অসচেতনতা এবং সড়ক ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতার কারণে দুর্ঘটনা ঘটছে।

রাজশাহী নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় নিসচা। একই সঙ্গে সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে পুরো মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে ট্রাফিক সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা, সড়ক সাইন ও নির্দেশনা স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে পদক্ষেপ, সড়ক দুর্ঘটনাবিষয়ক ভিডিও প্রদর্শনী, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা শিবির।

এ ছাড়া বাইকার ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ, দক্ষ চালকদের সম্মাননা, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবারকে সহায়তা, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা এবং দরিদ্র শিশুদের মধ্যে বই-খাতা-কলম বিতরণ করা হবে। ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির শেষ হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার রাজশাহী জেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ। এ সময় সংগঠনের সভাপতি ড. তৌফিক আহসান টিটু, সহসভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ ও মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ বিন আখতার আবিদ, অর্থ সম্পাদক মো. আবু তালেব, কার্যনির্বাহী সদস্য মো. আবদুর রহমান এবং দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত