
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া-মোল্লারহাট এলাকায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার বিকেল ৫টায় পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। এ সময় তাঁরা ‘বাঁচতে চাই, ভিটেমাটি রক্ষা করতে চাই’ স্লোগান দেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন, মনিরুজ্জামান মিল্টন, মিজানুর রহমান সিকদার, মন্টু হাওলাদার, আব্দুস সালাম মোল্লা, এবায়দুল্লাহ ও সানী মীরসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
আব্দুস সালাম মোল্লা বলেন, প্রায় ৩০ বছর ধরে এই অঞ্চলে থেমে থেমে সন্ধ্যা নদীর ভাঙন চলছে। ইতিমধ্যে ঐতিহ্যবাহী মোল্লারহাট বাজার চারবার নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নতুন স্থানে স্থানান্তরিত বাজারটিও ভাঙনের হুমকিতে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পূর্ব ভূতেরদিয়া গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি টেকসই সিসি ব্লক ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দীন বলেন, নদীভাঙনে শত শত পরিবার তাদের বসতভিটা ও কৃষিজমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভাঙনের কারণে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি জামে মসজিদ, একটি সাইক্লোন শেল্টার, একটি কমিউনিটি ক্লিনিক এবং কেদারপুর ইউনিয়নের সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক ঝুঁকির মুখে রয়েছে। তিনি দ্রুত জিও ব্যাগ ও বালুভর্তি বস্তা (জিও টিউব) ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের দাবি জানান।
পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন বলেন, নদীভাঙন শুধু মানুষের ঘরবাড়িই কেড়ে নিচ্ছে না, পুরো অঞ্চলের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। কর্মসংস্থান হারিয়ে অনেক কৃষক ও ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন। নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানিসম্পদ মন্ত্রণালয় ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান। তাঁদের বক্তব্য, ‘আমরা ত্রাণ চাই না, আমাদের ভিটেমাটি রক্ষায় স্থায়ী বাঁধ চাই।’
এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বাবুগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী মো. মুশফিকুর রহমান শুভ বলেন, ভাঙনকবলিত পূর্ব ভূতেরদিয়া এলাকা পরিদর্শন করে ইতিমধ্যে তিনটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৯ মিনিট আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১১ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
১৫ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩৭ মিনিট আগে