
শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে এক পল্লি চিকিৎসকের কাছে একাধিক ইনজেকশন নেওয়ার পর চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত পল্লি চিকিৎসক মনির মাদবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির দাদা। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তিনি পলাতক।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের পাচুখার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সামিয়া আক্তার। সে ওই ইউনিয়নের মেহেরখার কান্দি এলাকার মালয়েশিয়াপ্রবাসী হান্নান ফকির ও লায়লা আক্তারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়ার পিঠে ১০ থেকে ১২ দিন ধরে একটি ফোঁড়া ছিল। শুক্রবার সন্ধ্যায় তাকে বিলাসপুর ইউনিয়নের পাচুখার কান্দি বাজারে মনির মাদবরের নুসরাত ফার্মেসিতে নিয়ে যান তার দাদি কাঞ্চন মালা। পরিবারের দাবি, সেখানে ফোঁড়ার চিকিৎসার জন্য শিশুটিকে ৫–৬টি ইনজেকশন দেওয়া হয়।
ইনজেকশন দেওয়ার পরপরই সামিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে স্বজনেরা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামিয়ার দাদি কাঞ্চন মালা বলেন, নাতনির পিঠের ফোঁড়ার জন্য বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়েছিল। ফোঁড়াটি কিছুটা নরম হলে তাকে মনির মাদবরের ফার্মেসিতে নেওয়া হয়। সেখানে পাঁচ থেকে ছয়টি ইনজেকশন দেওয়ার পরপরই তার অবস্থা খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে প্রায় ছয় মাস ধরে সামিয়ার মা-বাবা আলাদা থাকছেন। এ সময় সে দাদা-দাদির সঙ্গে বাস করত।
অভিযুক্ত মনির মাদবর জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চোকদার কান্দি এলাকার তৈয়ব আলী মাদবরের ছেলে। ঘটনার পর তাঁর বাড়িতে গেলে স্ত্রী জানান, তিনি বাড়িতে নেই।
এ ঘটনায় সামিয়ার দাদা হাবিবুর রহমান ফকির বাদী হয়ে মনির মাদবরকে আসামি করে জাজিরা থানায় মামলা করেছেন। আজ শনিবার শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি, শিশুটির পিঠে একটি ফোঁড়া হওয়ায় সেটির চিকিৎসার জন্য তাকে এক পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে একাধিক ইনজেকশন দেওয়ার পর শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’
ওসি আরও বলেন, ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার বিকেলে ঢাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের চেয়েও বেশি চিন্তা করেন। এ কারণেই আমরা এখানে এসেছি। শেরপুরের গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সানাউল্লাহ নূর বাবুর ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে মঞ্চ ও চেয়ার বসানো হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির অভিযোগ করেন যাত্রী ও পথচারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।
২ ঘণ্টা আগে