Ajker Patrika

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৫
মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার
বৃহস্পতিবার রাতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানা-পুলিশ।

মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতারের অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তাঁরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালান। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলেন। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি. ’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করেছে রাড্ডা।

নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র এবং অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। ঘটনাটি কোনো সাধারণ ডাকাতি বা হামলা নয়। এখানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত