কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে টাকা নেওয়া হয় বলে জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তার নারীর নাম নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ থানার নয়ানখাল উত্তরপাড়া এলাকার মৃত ছকমল হোসেনের মেয়ে। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ রোববার সিআইডি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে গ্রেপ্তার নারীসহ চক্রের সদস্যরা ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন। পরে ২০২৫ সালের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটে ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
টাকা নেওয়ার পর কানাডায় যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীকে দেওয়া হয়। পরে তিনি ওই কাগজপত্র নিয়ে কানাডা অ্যাম্বাসিতে যোগাযোগ করলে যাচাই-বাছাই শেষে সেগুলো ভুয়া বলে জানানো হয়।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ২০২৫ সালের ৭ নভেম্বর কাফরুল থানায় মামলা করেন।
তদন্তে সিআইডি জানতে পারে, গ্রেপ্তার নারীসহ চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে বিদেশে পাঠানোর কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করতেন। পরে সেগুলো আসল হিসেবে ব্যবহার করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিতেন।
সিআইডি জানায়, গ্রেপ্তার নারী নিজের প্রকৃত পরিচয় গোপন করে এসব কর্মকাণ্ড চালাচ্ছিলেন। মামলার তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম চলছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
১৩ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
১৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
২৩ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩৯ মিনিট আগে