Ajker Patrika

আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ

নীলফামারী প্রতিনিধি
আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন তাঁর কাছে ‘৫০ লাখ প্লাস’ টাকা থাকার দাবি করলেও গণনা শেষে ৭৪ লাখ পাওয়া গেছে। দুটি ব্যাগভর্তি অবস্থায় পাওয়া সব টাকা মেশিনে গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের আগমন গেটের সামনে ওসি রেজাউল করিম রেজা উপস্থিত সংবাদকর্মীদের বলেন, ঢাকা থেকে ফ্লাইটে আসা ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের সঙ্গে থাকা দুটি ব্যাগে ৭৪ লাখ টাকা মিলেছে। নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই টাকা গণনা করা হয়। জব্দ ওই টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ জানায়, দুপুর ১২টার ‍দিকে বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়। পরে মেশিনে টাকা গণনার একপর্যায়ে সেখানে ৫০ লাখ টাকা পাওয়ার কথা পুলিশের তরফ থেকে জানানো হয়। তখনো জব্দ টাকা গণনা চলছিল।

এদিকে বিমানবন্দরে আটকের সময় জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় এক প্রশ্নের উত্তরে তাঁর কাছে থাকা ব্যাগে ৫০ লাখ প্লাস টাকা আছে বলে দাবি করেন। বিভিন্ন প্রশ্নের জবাবে বেলাল উদ্দিন দাবি করেন, এগুলো তাঁর ব্যবসায়ের টাকা। তাঁর গার্মেন্টসের ব্যবসা রয়েছে।

জানা গেছে, বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম।

আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি জানিয়েছেন, সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। বুকের তীব্র ব্যথা অনুভব করায় বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। এর আগে তিনি নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে ভর্তি ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হরিপদ রায় জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে বেলাল উদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপরই বলা যাবে, তাঁর প্রকৃত শারীরিক অবস্থা।

এদিকে বেলা ৩টার পর সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের সাজানো নাটক।

সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তাঁদের জানিয়েছেন, জামায়াত নেতাকে টাকা বহনের এনওসি (অনাপত্তি) দেওয়া হয়েছিল। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও তিনি তাঁদের জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ৫

‘ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ’

জেএসসির সঙ্গে বৃত্তিও বাতিল, নবমে বিভাগ বিভাজন নয়

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত