Ajker Patrika

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯: ০২
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক
অভিযুক্ত খোকনকে গতকাল সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকনকে (৫০) আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩০ জুন ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সিসিটিভি ফুটেজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভিডিওটি বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ।

তদন্তে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে চেনা যায়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান নিশ্চিত করে বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে ছিলেন। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ভিডিও বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে শনিবার সন্ধ্যায় বরুড়ার ঝলম এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।

রকিবুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার সার্বিক তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত