
কানাডায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জাল ভিসা সরবরাহ করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসান মুরাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার রাতে সিআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
সিআইডি জানায়, ভুক্তভোগী পেশায় একজন গাড়িচালক। বিদেশে চাকরি করে ভাগ্য পরিবর্তনের আশায় তিনি কানাডায় পাঠানো ও সেখানে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতারণার শিকার হন। এ জন্য ভিসা ও আনুষঙ্গিক খরচ বাবদ ১৮ লাখ টাকা দাবি করেন চক্রের সদস্য দিদার শেখ। কানাডায় যাওয়ার আশায় বিভিন্ন সময়ে তাঁকে ওই টাকা দেন ভুক্তভোগী।
পরে ভুক্তভোগীকে কানাডার ভিসার স্টিকার লাগানো একটি পাসপোর্ট ও ইথিওপিয়ান এয়ারলাইনসের টিকিট দেওয়া হয়। ২০২৪ সালের ১১ নভেম্বর রাত আনুমানিক দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাঁর পাসপোর্টে থাকা কানাডার ভিসাটি পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
এ ঘটনায় ভুক্তভোগী ওই দিনই বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭ ও ৪৬৮ ধারায় অভিযোগ আনা হয়।
সিআইডি জানায়, মামলার তদন্তে এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর অভিযুক্ত দিদার শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরেক সদস্য সোহেল রানাকে ২০২৬ সালের ২৩ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। দিদার শেখ ও সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তদন্তের ধারাবাহিকতায় মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, অবস্থান ও ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করে সিআইডি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান মুরাদ প্রতারণার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে জাল ভিসা সংগ্রহ ও সরবরাহ, অর্থ লেনদেন এবং অন্য অভিযুক্তদের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে। গ্রেপ্তার হাসান মুরাদকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, পলাতক অভিযুক্ত এবং চক্রের দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।
বিদেশে চাকরি বা ভ্রমণের ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা বা পাসপোর্ট না দিতে নাগরিকদের সতর্ক করেছে সংস্থাটি। পাশাপাশি ভিসার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি করা হলে বা ভিসা জালিয়াতির সন্দেহ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সিআইডি।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৩৯ মিনিট আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
১ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
১ ঘণ্টা আগে