
ঢাকার রাজপথে আবার শিক্ষকদের ওপর চড়াও হলো পুলিশ। এবার আক্রান্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তাঁরা।
আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিয়ে হামলা চালায় পুলিশ। তাতে শতাধিক শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা চালায়। অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা পদক্ষেপ নেন।
আন্দোলনরত শিক্ষক সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বলেন, ‘শাহবাগে পুলিশের হামলায় অনেক শিক্ষক আহত হয়েছেন। কলম সমপর্ণ কর্মসূচি শেষে আমাদের শহীদ মিনারে ফিরে আসার কথা ছিল।’

এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন এ শিক্ষক নেতা।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘শিক্ষকেরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার বিষয়ে আমরা কোনো তথ্য এখনো আমরা পাইনি।’
দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি শিক্ষক সংগঠনের মোর্চার ব্যানারে এ কর্মসূচি চলছে।
শিক্ষকদের বাকি দুটি দাবি হলো—চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
শহীদ মিনারে শিক্ষক সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, ‘২০ হাজারের বেশি শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেবেন। দূর-দূরান্ত থেকে শিক্ষকেরা আসছেন, অনেকে এখন পথে। আমি সরকারি প্রাথমিকের সব শিক্ষককে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’

এ আন্দোলনে অংশ নেওয়া বাকি সংগঠনগুলো হলো, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকেরাও।
গত ২৪ এপ্রিল ১১ তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩ তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২ তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এ উদ্যোগে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকেরা।
এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আরেকাংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের’ ব্যানারে একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন। এই তিন দাবি মানা না হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা। এছাড়া এই সময়ের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি বা ঘোষণা না আসলে পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তাঁরা।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭ টি। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে