Ajker Patrika

নিখোঁজ বৃদ্ধার লাশ মিলল কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নিখোঁজ বৃদ্ধার লাশ মিলল কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায়
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল।

পরিবারের দাবি, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে। নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে হাসনা খাতুনের সর্বশেষ কথা হয়। এরপর তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরে তাঁকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকায় ওই খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানান, হাসনা খাতুন নিখোঁজের ঘটনায় তাঁর ছেলে থানায় জিডি করেছিলেন। এর পরদিন খালের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত