
জামালপুরের বকশীগঞ্জে সরকারের কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর দুটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শেষ না করেই তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রকল্পের বরাদ্দ, সভাপতির নাম ও কাজ শেষের সময়সীমাসহ বিভিন্ন তথ্যসংবলিত সাইনবোর্ড প্রকল্প এলাকায় টানানোর নিয়ম থাকলেও তা করা হয়নি। ফলে প্রকল্পের কাজ কবে শেষ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, দায় এড়াতে কয়েকদিন আগে রাস্তায় নামমাত্র মাটি ফেলা হয়েছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমনের দাবি, দায় এড়াতে নয়, বরং ‘চমৎকার কাজ’ হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে নির্বাচনী এলাকাভিত্তিক জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের এমপি ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের কোটায় গ্রামীণ অবকাঠামো সংস্কারের জন্য কাবিখা কর্মসূচির আওতায় তিন দফায় বকশীগঞ্জে ৪৬ টন ২০০ কেজি গম বরাদ্দ দেওয়া হয়। এতে সাতটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া দুই দফায় ৩৪ টন ২০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়, যার আওতায় নেওয়া হয় পাঁচটি প্রকল্প।
গত জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে জেলা থেকে প্রকল্পগুলো অনুমোদন করা হয়। এরপর কাজ শুরুর জন্য প্রকল্পের সভাপতিদের স্বাক্ষরে খাদ্যগুদাম থেকে বরাদ্দের চাল ও গম উত্তোলন করা হয়। গত ৩০ জুন প্রকল্পগুলোর নির্ধারিত মেয়াদ শেষ হয়। এর আগেই কাগজে-কলমে সব প্রকল্প শতভাগ বাস্তবায়ন দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ উঠেছে, সিংহভাগ প্রকল্পের সভাপতি প্রকল্পের বিষয়ে অবগত নন। পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ভুয়া মাস্টাররোল তৈরি করে কাগুজে কমিটির মাধ্যমে উন্নয়নের নামে সরকারি বরাদ্দের চাল-গম আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার তিন মাস পরও কাজ শুরু না হওয়ায় এর দায় পিআইও এড়াতে পারেন না বলেও মন্তব্য করেছেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, উজান খেওয়ারচর ইকবালের বাড়ি থেকে হযরত আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ছয় টন গম বরাদ্দ দেওয়া হলেও রাস্তার উত্তর পাশে নামমাত্র মাটি ফেলা হয়েছে।
ঘুগরাকান্দি মুন্দিপাড়া ব্রিজসংলগ্ন গোলাপের দোকান থেকে ঘুগরাকান্দি বাজার পর্যন্ত রাস্তা সংস্কারে নয় টন চাল বরাদ্দ দেওয়া হয়। ওই রাস্তার একাংশে মাহিন্দ্র গাড়ি দিয়ে নামমাত্র মাটি ফেলা হয়েছে।
ঘুগরাকান্দি হযরত আলীর বাড়ি থেকে আবুল খায়ের মাস্টারের বাড়ি মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কারে সাত টন গম এবং পূর্ব কলকিহারা নালুর দোকান থেকে বাঘাডোবা ধলা মাস্টারের বাড়ি হয়ে ফকিরপাড়া শান্তিনগর বাজার পর্যন্ত রাস্তা সংস্কারে ৬ টন ২০০ কেজি গম বরাদ্দ দেওয়া হয়েছে। এই দুটি রাস্তায় তেমন কোনো কাজ দেখা যায়নি।
বাঘাডোবা মাদ্রাসা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারে ১০ টন গম বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় বাসিন্দাদের কেউ প্রকল্পটির স্থান চিহ্নিত করতে পারেননি।

পূর্ব কলকিহারা পুরমালের বাড়ি থেকে ফুরু মিয়ার বাড়ি হয়ে বৃগদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে পাঁচ টন চাল এবং মেরুরচর সাইফুল ইসলামের বাড়ি থেকে রশিদের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে পাঁচ টন ২০০ কেজি গম বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্রকল্পের সভাপতিরা রাস্তায় মাটি কাটার বিষয়ে তেমন কিছু বলতে পারেননি।
এ নিয়ে গত ১ অক্টোবর আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘কাজ না করেই কাবিখা প্রকল্প শতভাগ বাস্তবায়ন, পিআইও বললেন, “আমি সৎ”’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।
একপর্যায়ে গত শনিবার (৩ অক্টোবর) খেওয়ারচর বাবুর বাড়ি থেকে বাতেনের বাড়ি পর্যন্ত এবং খোকনের বাড়ি থেকে বাতেনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। দুটি প্রকল্পেই ছয় টন করে মোট ১২ টন গম বরাদ্দ ছিল। তবে কাজ শেষ না করেই বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবু বলেন, ‘আমার বাড়ি থেকে রাস্তা শুরু হয়েছে। কয়েকদিন আগে ১০-১২ জন শ্রমিক এসে রাস্তায় মাটি কেটেছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। ফলে ভাঙাচোরা রাস্তা আগের রূপেই রয়েছে। কবে নাগাদ কাজ শেষ হবে, তা বলা যাচ্ছে না। মনে হয়, দায় এড়ানোর জন্যই কাজটি করা হয়েছে।’
বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘মাঠপর্যায়ে প্রকল্পের কাজ দেখভাল করা হয় পিআইওর কার্যালয় থেকে। এ ছাড়া আমি প্রকল্পের বিষয়ে পুরোপুরি জানি না। বিষয়টি পিআইও ভালো বলতে পারবেন।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও পিআইও মো. হাবীবুর রহমান সুমন বলেন, ‘আনা অভিযোগ ঠিক নয়। সবগুলো প্রকল্প শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। তবে জমি জটিলতার কারণে সময়মতো দুটি প্রকল্পের কাজ শুরু করা যায়নি। গত কয়েকদিন আগে ওই দুটি প্রকল্পে চমৎকার কাজ করা হয়েছে। আমি কাজের লোক। কাজ না করলে আমার ভালো লাগে না। প্রয়োজনে আরও কাজ করা হবে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘এমপ্যাথি, টলারেন্স অ্যান্ড সোশ্যাল কোহেশন: বিল্ডিং আ বেটার সোসাইটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২২ মিনিট আগে
নিয়মবহির্ভূতভাবে স্ত্রী ও নিজের নামে দুটি ডিলারশিপ নিয়েছেন তিনি। তাঁরা দুজনই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত, যা ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালার’ সুস্পষ্ট লঙ্ঘন। তার ওপর নিজের বীজের দোকান থেকে ভুট্টার বীজ না কিনলে কৃষকদের কাছে...
৪৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
১ ঘণ্টা আগে