Ajker Patrika

আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাইফুজ্জামানের পিএসসহ ৭৫ জনের নামে মামলা, দুজন গ্রেপ্তার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২২: ১১
সাইফুজ্জামানের পিএসসহ ৭৫ জনের নামে মামলা, দুজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের এক দিন পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন এক ব্যক্তি। এরই মধ্যে ছড়িয়ে পড়া ভিডিও দেখে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিমসহ ৭৫ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলাটি করেন মো. হাসান (৫১) নামের এক ব্যক্তি। এর আগে গতকাল বৃহস্পতিবার পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।

গ্রেপ্তার দুজন হলেন বৈরাগ ইউনিয়নের আব্দুর রহিম (৪২) ও চন্দনাইশ উপজেলার কানাইমাদারি এলাকার মো. সাইমন (২৩)।

আজ সন্ধ্যায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে মিছিলে নেতৃত্ব দেওয়া দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানকে (৩২)।

পুলিশ জানায়, মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয় ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল ভোরে উপজেলার পিএবি সড়কের শোলকাটা এলাকায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে হঠাৎ সড়কে ত্রাস সৃষ্টি করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে জনগণের মাঝে ভয় সৃষ্টি করেন এবং যান চলাচলে বাধার সৃষ্টি করেন। মামলায় আসামিরা আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রচারের পর মো. হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন। আমরা মিছিলের ভিডিও দেখে দুজনকে গ্রেপ্তার করেছি এবং অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত