
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে, সেই সিদ্ধান্তও জনগণই নেবে।’
আজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র, অস্থিরতা, নির্যাতন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের রাজনীতি জনগণ কখনো গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। বিএনপি একটি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি কোনো নিউজ কন্ট্রোল করে না, গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিয়েছে। যতবার বাংলাদেশের মানুষ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বাংলাদেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে।’
ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভেটেরিনারি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিশারিজ খাতেও ৫০০টির বেশি পদের অনুমোদন হয়েছে। দেশের প্রতিটি বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে।’
এর আগে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য নিশ্চিতকরণে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার কার্যকর প্রয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে ১৬টি সমান্তরাল বৈজ্ঞানিক অধিবেশনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ. কে. এম. খসরুজ্জামান।

তিস্তা নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে কাজ করেছে। আমরা বিভিন্ন দেশের কাছে পরামর্শ নিচ্ছি। ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভেতরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব।
১৯ মিনিট আগে
পুলিশি হেফাজতে থাকা মো. আবু ছায়েদার (৩২) নামের এক আসামি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন। এক দিন পর গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা হ
২৪ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিরা হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী এবং ফারুক মিয়া।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্ট কারখানায় পুরোনো তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে