Ajker Patrika

নেশার টাকা না পেয়ে মা-ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নেশার টাকা না পেয়ে মা-ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের এক মাদকাসক্ত ব্যক্তি তাঁর মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। গতকাল শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মেহেদী হাসান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। হামলার সময় তিনি বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। পরে স্থানীয়রা ইট ছুড়ে তাঁকে আহত করে দরজা ভেঙে ফেলেন। এরপর পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে ঢুকে মেহেদীর মা মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও ছোট ভাই মো. মৃদুলকে (২৮) উদ্ধার করেন। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় আহত মেহেদীকেও হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ বাড়ি থেকে হামলায় ব্যবহৃত ধারালো বঁটি জব্দ করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মৃদুল জানান, নেশা করার কারণে তাঁর ভাই মেহেদী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ফিরে আবারও নেশায় জড়িয়ে পড়েন তিনি। এরপর থেকে নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে অত্যাচার করতেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, নেশা করার টাকা না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ধারালো বঁটি দিয়ে তাঁর মা ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে।

গাজিউর রহমান বলেন, এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মেহেদী হাসানকে মারধর করেন। পরে পুলিশ হামলাকারীসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করে।

উপপুলিশ কমিশনার আরও জানান, আহত মনোয়ারা খাতুন ও তাঁর ছেলে মৃদুলের শারীরিক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় মনোয়ারার মেয়ে বাদী হয়ে রাতেই চন্দ্রিমা থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাঁকে আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত