Ajker Patrika

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০০: ১১
সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামে অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মানবিক এই উদ্যোগের প্রশংসা করে গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।

প্রায় দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের শ্মশানের পাশে অন্ধ ও অসুস্থ একটি ঘোড়া পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে ঘোড়াটির ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি।

পরে চান্দুড়িয়া গ্রামের সোহানুর রহমান সোহান ঘটনাস্থলে গিয়ে ঘোড়াটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় পশুচিকিৎসকের মাধ্যমে পরে জানা যায়, ঘোড়াটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। এরপরও ঘোড়াটিকে ফেলে না রেখে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এর পরিচর্যার দায়িত্ব নেন সোহান।

সোহান বলেন, ‘দুই চোখ অন্ধ হলেও ঘোড়াটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে জীবন্ত প্রাণীটিকে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসেছি। যত দিন বাঁচবে, তত দিন এর যত্নের কমতি হবে না।'

সোহানের বাবা নাঈম হোসেন জানান, ছেলের আগ্রহের কারণেই ঘোড়াটিকে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি বলেন, অসহায় প্রাণীর পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব।

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা বলেন, তরুণ সোহানের অন্ধ ঘোড়া দেখভালের ভিডিও দেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রফিকুল ইসলাম বকুলের পরামর্শে সোহানকে আর্থিক সহযোগিতা এবং উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত