চট্টগ্রাম থেকে আকাশপথে ১২ হাজার ৮৮৩ ও ১৪ হাজার ৩০০ কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় মশা নিধন শিখতে উড়াল দিতে চেয়ে তুমুল আলোচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে আলোচনায় সিটি করপোরেশনের আরও পাঁচ কর্মকর্তা। কিন্তু সেই উড়াল থামিয়ে দিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। মশাকেন্দ্রিক জোর এই তরজার মাঝে ডেঙ্গুর মৌসুম (১ জুন খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু) আবার শুরু হওয়ায় আলোচনা-সমালোচনার ডালপালা আরও বিস্তৃত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বক্তব্য-বিবৃতির যেন শেষ নেই। কেউ মেয়রের পক্ষে বলছেন, কেউ ধারালো সমালোচনার তিরে বিদ্ধ করছেন মেয়রকে। এই অবস্থায় নগরীতে মশকনিধন কার্যক্রম সম্পর্কে সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ জুলাই চসিক মশাবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশকনিধনে ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছিল। তা ছাড়া, চসিক নগরের ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় মশকনিধনে বিশেষ কর্মসূচি পালন করেছে। এ সময় বিভিন্ন সড়ক-অলিগলিতে মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ করার কার্যক্রমও চলে। মশা নিয়ে এত তৎপরতার পরও দিন-রাত সমানেই মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। ‘নগরে মশকনিধন কর্মসূচি আছে, সঙ্গে মশাও আছে; কিন্তু মশার কামড় কখনো কমে না।’—ক্ষোভের সুরেই বললেন নগরীর ঘাটফরহাদবেগ এলাকায় বসবাসকারী খোরশেদ আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার প্রতিক্রিয়া জানান এভাবে, ‘মশা মারতে আমেরিকা, ড্রেন পরিষ্কার করতে কি চাঁদে যেতে হবে?’ চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বলেন, ‘অদক্ষ চোরগুলোকে ফ্লোরিডা নয়, বাড়ি পাঠান।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর সোয়ায়েব বলেন, ‘চলেন সবাই সন্ধ্যার পর নালার পাশে দাঁড়াই।’
মেয়রের পক্ষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ইমরান এমি বলেন, ‘ভুল তথ্য আর ষড়যন্ত্রের বেড়াজালে মশক নিধনের বৈপ্লবিক সম্ভাবনা কি ভেস্তে যাবে?’
চট্টগ্রাম নগরীর সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, নগরীর কিছু এলাকায় নিয়মিত ওষুধ ছিটানো হলেও প্রত্যন্ত এলাকার ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানো হয় মাঝে মাঝে। ওষুধ ছিটানো হলেও এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন আছে। ফলে আশানুরূপ ফল পাওয়া যায় না। আবার নগরের বিভিন্ন এলাকায় এডিস মশা প্রজননের মতো অনেক উর্বর স্থান বিদ্যমান। আছে নালা-নর্দমাভর্তি বর্জ্য। এখানেও উৎপাদন হয় মশা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৭০ লাখ মানুষ অধ্যুষিত এই শহরে মশকনিধনে বছরে বরাদ্দ মাত্র ৯ কোটি। এর মধ্যে চলতি অর্থবছরে (২০২৬-২৭) বরাদ্দ মিলছে প্রায় পাঁচ কোটি টাকা। ফলে মশকনিধন কর্মসূচি বাস্তবায়নে অর্থসংকটও আছে বলে জানা যায়। চসিকের পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে মশকনিধনের কাজে নিয়োজিত আছেন ২০৫ জন শ্রমিক। মশকনিধনে ফগার মেশিন আছে ৮৮টি, স্প্রে মেশিন আছে ১৮৪টি।
এ বিষয়ে চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি জানান, মশকনিধনে নিয়মিতই ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে সকালে লার্ভিসাইড ও বিকেলে ফগিং করা হচ্ছে নিয়মিত। ফগিংয়ের জন্য ডেল্টামেথ্রিন শতকরা এক দশমিক ২৫ ইউএলভি, লার্ভানিধনের জন্য বিটিআই ও টেমপোশ ৫০ ইসি ব্যবহার করা হয়। বর্তমানে আগামী ছয় মাসের ওষুধ মজুত আছে। মশকনিধন কার্যক্রম বৃদ্ধির জন্য আরও আটজন ইন্সপেক্টর ও সাতজন তদারককারী নিয়োগ দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
জানা যায়, নগরীতে মশা নিধন কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে একটি কারখানা ও একটি ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল চসিকের প্রতিনিধিদল। এই দলে চসিকের মেয়র শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলামের থাকার কথা ছিল। তাঁদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
মশকনিধন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশি প্রতিষ্ঠানে ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে চসিকের মেয়র শাহাদাত হোসেন ও পাঁচজন কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব ছিল। এই প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। ওই সারসংক্ষেপ পাঠানো হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দু-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
এ বিষয়ে চসিকের মেয়র শাহাদাত হোসেনের বক্তব্য, তাঁর সফরের উদ্দেশ্য ছিল শিকাগো শহরের সঙ্গে সিস্টার সিটি ঘোষণা করা। সেখানে মশকনিধনের জন্য বিটিআইয়ের যে কারখানা আছে, এ রকম একটি কারখানা চট্টগ্রামে স্থাপনে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্দেশ্য ছিল। তাতে বিদেশি বিনিয়োগও আসত। বিদেশ থেকে কোটি কোটি টাকার কেমিক্যাল আমদানির নির্ভরতা কমাতে তিনি বাংলাদেশে ভ্যালেন্ট বায়োসায়েন্সেস কোম্পানির সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে একটি কারখানা স্থাপনের প্রস্তাব দেন। এতে সাড়া দিয়ে বাংলাদেশে কারখানা করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মার্কিন প্রতিষ্ঠানটি চসিক মেয়রের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে তাদের মূল কারখানা এবং ল্যাব পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সফরের যাবতীয় অর্থায়ন করার কথা ছিল স্বয়ং ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের। অর্থাৎ, সরকারের বা চসিকের একটি টাকাও খরচ হতো না!
মেয়র শাহাদাত আরও বলেন, সব প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সফরের বিষয়ে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করে। ফলে দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই যাত্রা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি জানান, কারখানাটি হলে শুধু চট্টগ্রাম নয়, ঢাকা ও সারা দেশের মশার লার্ভা নিধনের কেমিক্যাল বাংলাদেশেই উৎপাদন হতো। ভুল তথ্য আর নোংরা রাজনীতির কারণে দেশের টাকা যেমন বিদেশে চলে যাবে, তেমনি অঙ্কুরেই মৃত্যু হতে চলেছে একটি বিশাল সম্ভাবনার।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজে। যানবাহনের চাপে সরু এই মহাসড়কের মাদারীপুর অংশের ৪৭ কিলোমিটার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করছে। একদিকে সরু সড়ক, অন্যদিকে ইজিবাইক...
৩ ঘণ্টা আগে
বগুড়া শাজাহানপুরের ভাদাইকান্দি গ্রামে সংঘর্ষে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে বাড়ি ছেড়েছে স্থানীয় কয়েকটি পরিবার। গত প্রায় ১০ মাস গ্রামের পাঁচটি বাড়ির ১৩ পরিবার নিজ ভিটেমাটিতে ফিরতে পারছে না। লুটপাটের ঘটনায় আদালতে পৃথক তিনটি মামলা হলেও থানা-পুলিশের কোনো তৎপরতা...
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ১৩টি উপজেলার বিভিন্ন এলাকার বাগানে গাছ থেকে পাড়ার সময় যেসব লিচু ঝরে পড়ে সেগুলো কুড়ায় একদল শিশু। ওরা সবাই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। ঈদুল আজহার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা প্রতিদিন ভোরে ছুটছে লিচুবাগানে। পরে তারা ঝরা লিচুর পসরা সাজিয়ে সড়কের ধারে বসে। তা থেকে তাদের বাড়তি আয় হয়।
৩ ঘণ্টা আগে
লিচুর রাজ্য খ্যাত দিনাজপুরে জমে উঠেছে বেচাকেনা। জেলা শহরের কালীতলায় লিচুর প্রধান বাজারে ভোর থেকে মধ্যরাত অবধি চলছে বেচাকেনা। পাইকারেরা লিচু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ জানিয়েছে, দিনাজপুরে প্রায় ১ হাজার কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।
৪ ঘণ্টা আগে