Ajker Patrika

এবার মাদক মামলায় গ্রেপ্তার ‘হানি ট্র্যাপ’ চক্রের লেডি ডন লাইলি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৫
এবার মাদক মামলায় গ্রেপ্তার ‘হানি ট্র্যাপ’ চক্রের লেডি ডন লাইলি
গ্রেপ্তার লাইলি আক্তার। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে আলোচিত ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেল চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ‘লেডি ডন’ লাইলিকে এবার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার দুপুরে থানা-পুলিশের পরিদর্শক বাঁধন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় পুলিশের বিশেষ অভিযানে দেবিদ্বার নিউমার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাইলি আক্তারের বিরুদ্ধে দেবিদ্বারে অসামাজিক কার্যকলাপ ও হানিট্র্যাপ, ব্ল্যাকমেলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে এক স্কুলশিক্ষককে আটক করে হেনস্তার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান লাইলি। পরে জামিনে বের হয়ে আবার অবৈধ কার্যকলাপে লিপ্ত হন।

গতকাল শুক্রবার মধ্যরাতে পুলিশ তাঁর বাসায় অভিযান চালিয়ে রান্নাঘরের চালের ড্রামের ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

আজ মামলার তদন্ত কর্মকর্তা সাগর বড়ুয়া বলেন, গ্রেপ্তার লাইলির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে কোর্ট হাজতে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে দেবিদ্বারে এক স্কুলশিক্ষককে হানিট্র্যাপে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, শারীরিক নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে লাইলি আক্তারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছিল। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে পাঠায়। সেই মামলায় জামিনে থাকা অবস্থায় এবার মাদক মামলায় গ্রেপ্তার হলেন লাইলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত