
কাজের আশায় দালালের মাধ্যমে লিবিয়ার পথে যাত্রা করেন যশোরের শার্শা উপজেলার পাঁচ যুবক। স্থানীয় দালালদের ৯ থেকে ১২ লাখ টাকা করে দিয়েছিলেন তাঁরা। তবে লিবিয়ায় পৌঁছানোর আগেই তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন বছর আগে এই ঘটনা ঘটে। এখনো নিখোঁজ তাঁরা। এই পাঁচজনের জীবন নিয়েও শঙ্কায় পরিবার।
নিখোঁজ যুবকেরা হলেন ধান্যখোলা গ্রামের আবু মোছার ছেলে ইয়াসিন আরাফাত, মশিয়ারের ছেলে আনোয়ার হোসেন, আরশাদের ছেলে রানা হোসেন, আব্দুলের ছেলে শাহিন আলম ও হাসেমের ছেলে মেহেদী হাসান। এই পাঁচজনই লিবিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করেন ধান্যখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে সোহাগের মাধ্যমে।
নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা জানান, উন্নত জীবনের আশায় দালাল সোহাগের মাধ্যমে তাঁরা সন্তানদের বিদেশে পাঠান। এ জন্য জমিজমা ও সহায়সম্বল বিক্রি করে এবং ধারদেনা করে টাকা জোগাড় করেন। সোহাগের কথামতো তাঁর বাবা, মা ও বোনের হাতেও টাকা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সোহাগের বাবা মফিজুর রহমান বলেন, তাঁর ছেলের সঙ্গে বর্তমানে তাঁদের কোনো যোগাযোগ নেই। তিনি স্বীকার করেন, সোহাগ বিদেশে লোক পাঠাতেন এবং প্রায় তিন বছর ধরে লিবিয়ায় আছেন। তবে ভুক্তভোগীদের কাছ থেকে তিনি নিজে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, বিদেশে যাওয়ার পর প্রথম দিকে সোহাগ তাঁদের সঙ্গে নিখোঁজ যুবকদের কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দেন। এমনকি তাঁদের দেশে ফিরিয়ে আনা ও টাকা ফেরত দেওয়ার কথাও বলেন। কিন্তু গত তিন বছরেও কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। একপর্যায়ে সোহাগও পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাঁদের ধারণা, নিখোঁজ যুবকদের কোথাও আটকে রাখা হয়ে থাকতে পারে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একই সময়ে লিবিয়ায় যাওয়ার পথে নড়াইল, বাগেরহাট ও ফরিদপুরের আরও প্রায় ৩৫ যুবক নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শাহিন আলমের মা বলেন, দালালের কথায় ছেলেকে বিদেশে পাঠিয়ে ঋণের বোঝা মাথায় নিয়েছেন। এখন ছেলেকেও হারিয়েছেন। স্থানীয় কয়েকজন মাতবর সালিসের নামে আর্থিক সুবিধা নিলেও সমস্যা সমাধানে কার্যকর কোনো সহযোগিতা করেননি বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে তিন বছর ধরে এই পাঁচজনের সন্ধান না পেয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। মানব পাচার চক্রের সদস্য সোহাগের বিরুদ্ধে মামলা হয়েছে। শার্শা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আশিস সরকার বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের বিষয়গুলো যাচাই করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
২ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
২ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৩ ঘণ্টা আগে