Ajker Patrika

সৌদি আরবে যশোরের যুবককে অপহরণের অভিযোগ

যশোর প্রতিনিধি
সৌদি আরবে যশোরের যুবককে অপহরণের অভিযোগ
প্রতীকী ছবি

সৌদি আরবে সেতু হোসেন (২৭) নামের যশোরের এক যুবককে অপহরণ করে আটকে রাখার অভিযোগ উঠেছে। তাঁকে মারধর, অনাহারে রাখা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তাঁর স্ত্রী উর্মি আক্তার। এই ঘটনায় গত ২১ অক্টোবর ঝিকরগাছা থানায় অভিযোগ করেছেন তিনি।

সেতু হোসেন যশোরের ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর গ্রামের মৃত তরিকুল ড্রাইভারের ছেলে।

অভিযোগে কবীর হোসেন নামের কুমিল্লার এক প্রবাসীকে অভিযুক্ত করা হয়েছে। তিনি কুমিল্লার বরুড়া থানার পয়েলগাছা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। এ ছাড়া ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মৃত বাবর আলী খাঁর ছেলে ইকবাল হোসেন এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

উর্মি আক্তারের অভিযোগ, সেতু ও কবীর পাঁচ থেকে ছয় মাস আগে ইকবালের মাধ্যমে সৌদি আরবে যান। ইকবালের কাছে কবীর টাকা পাবেন—এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ১৮ অক্টোবর রাতে সৌদি আরবে কাজ করার সময় ভালো কাজের আশ্বাস দিয়ে সেতুকে তুলে নিয়ে যান কবীর ও তাঁর সহযোগীরা। এরপর তাঁকে আটকে রেখে মারধর করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে না এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উর্মির ভাষ্য, অভিযুক্তরা জানিয়েছেন—ইকবালের কাছে তাঁরা টাকা পাবেন। ইকবাল সেই টাকা পরিশোধ করলে সেতুকে ছেড়ে দেওয়া হবে।

তবে ইকবাল হোসেনের দাবি, তিনি কবীরের কাছে টাকা পাবেন। সেই টাকা না দেওয়ার অজুহাতে সেতুকে আটকে রেখে উল্টো তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে। সেতুকে উদ্ধারে তিনি সৌদি পুলিশের সহায়তা চেয়েছেন বলেও জানান ইকবাল।

এ বিষয়ে ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুতই সেতুকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত