Ajker Patrika

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তাঁর ছেলে বিষ্ণু হালদার। পরে তাঁরা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন।

স্থানীয় লোকজন আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে নিহত ব্যক্তিদের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত ব্যক্তিদের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান। আহত বিষ্ণু হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত অটোরিকশার চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত