Ajker Patrika

বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

থানচি (বান্দরবান) প্রতিনিধি 
বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন—রিপন জ্যোতি চাকমা, প্রদীপ চাকমা, বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, পারবিন আক্তার, সাথোয়াই মারমা, শঙ্খ রাজ চাকমা, নিহার বিন্দু চাকমা, প্রনিজ চাকমা, উনুচিং মারমা, মধু মঙ্গল চাকমা, কাজল কর্মকার ও আবু বক্কর সওদাগর।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সম্ভব অনুযায়ী ত্রাণসামগ্রী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিহার বিন্দু চাকমা ও চিকন্যা চাকমা বলেন, ১৩টি দোকানের কোনো মালিকই রাতে দোকানে ছিলেন না। সবাই নিজ নিজ বাড়িতে ছিলেন। আগুনের খবর পেয়ে দোকানে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

তাঁদের ধারণা, কোনো একটি দোকানে ফ্রিজ চালু থাকা অথবা গ্যাসের চুলা অতিরিক্ত গরম হয়ে ত্রুটি কিংবা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত