Ajker Patrika

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম
বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ ও ‘ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড়’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আগামী ১২ মার্চ সংসদে যাচ্ছি না।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ১২ মার্চের জন্য অপেক্ষা করছি। ১২ মার্চ সংসদের অধিবেশন। সেই সংসদে শুনছি ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় বক্তব্য দেবে, ভাষণ দেবে। আমি স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি না।’

তিনি বলেন, ‘আমরা জাতীয় সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে “হ্যাঁ”-এর পক্ষে ভোট দিয়েছে। সংস্কারের পক্ষকে বাস্তবায়নের জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি। জাতীয় সংসদে যাচ্ছি কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই হিসাব নেওয়ার জন্য। কোনো ফ্যাসিবাদের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না।’

ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য এ সময় রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারেরও দাবি জানান। বলেন, ‘অবিলম্বে এই রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের হ্যাঁ রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের লড়াই চলমান থাকবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ ১৬ বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। এই লড়াই কোনো দলের পক্ষে, কোনো দলের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। নতুন বাংলাদেশ তখনই সম্ভব, যদি ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ থাকে।’

শরিফ ওসমান হাদির বিচার দাবি করে নাহিদ বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনের জন্য সাধারণ মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের বলেছে ওসমান হাদি হত্যার বিচার যেন হয়। হত্যাকারীদের ভারতের মাটিতে খুঁজে পাওয়া গেছে, আমরা শুনেছি। আমরা দাবি জানাব, অবিলম্বে তাদের দেশে এনে যেন বিচার কার্যকর করা হয়। যারা গুলি করেছে, শুধু তারাই হত্যাকারী নয়। এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। শুধু প্রত্যক্ষ নয়, যারা পরোক্ষভাবে জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

দুর্নীতি বন্ধ না হলে ফ্যামিলি কার্ড কাজে আসবে না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে। দলের ইশতেহার অনুযায়ী এটা দিয়েছেন, সে জন্য তাদের সাধুবাদ। কিন্তু যদি দুর্নীতি বন্ধ না হয়, চাঁদাবাজি, দখলদারত্ব যদি বন্ধ না হয়। যদি ঋণখেলাপিদের সংসদে-সরকারে ঠাঁই দেওয়া হয়, তাহলে এ সকল ফ্যামিলি কার্ড কেবল চোখধাঁধানো কর্মসূচি, এটা বাংলাদেশের অর্থনীতির কোনো পরিবর্তন করতে পারবে না।’

ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল ঋণখেলাপি-লুটেরা দুর্নীতিবাজদের সরকারে-সংসদে নিয়ে যাওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশ সরকার, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। তারা যাতে দেশের টাকা, ব্যাংকের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়।’

ইফতারের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন; রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামাণিক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সভাপতিত্ব করেন। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে বিভাগের আট জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতা-কর্মী অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত