
হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার পরও সেখানে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা। ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করেই তাঁরা হবিগঞ্জে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বুধবার এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
হবিগঞ্জের পথে রওনা দেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও রয়েছেন।
এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন এবং বিকেলে হবিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে প্রশাসনের সামনেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতা-কর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। এর প্রতিবাদেই আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক প্রতিবাদ জানাতেই হবিগঞ্জের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।’
স্থানীয় নেতারা জানান, গতকালের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সিলেটে চলে যান। আজ সেখান থেকে হবিগঞ্জে আসছেন তাঁরা।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, সেহেতু সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, গতকাল হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলা, ভাঙচুর এবং সারজিস আলম ও নাহি উদ্দিন তারেককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ পুলিশি অবরোধের পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে আজকের এই কেন্দ্রীয় নেতাদের আগমন ও ১৪৪ ধারা জারির পর হবিগঞ্জে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)।
১১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা আব্দুস সাত্তার পরীক্ষামূলকভাবে কাঁঠাল দিয়ে বিস্কুট উৎপাদন শুরু করেছেন। চলতি মৌসুমে প্রায় ৫০০টি কাঁঠাল ব্যবহার করে তৈরি এই পণ্য অনলাইন ও অফলাইনে ইতিবাচক সাড়া পেয়েছে। আগামী মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
১১ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেড়খালী এলাকার একটি খাল থেকে নিখোঁজ সিএনজিচালক মো. মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উদ্ধার করা মরদেহটি কয়েক দিন আগে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে...
১৬ মিনিট আগে