
বরিশালের বাবুগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ রোববার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীতে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই উপদেষ্টার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের কাছে স্থানীয় কিছু লোক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ জানান। এটি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ঘটে। তাঁরা জানতে চান—কে চাঁদাবাজি করছে? একপর্যায়ে নেতা-কর্মীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে ধাওয়া দিলে ব্যারিস্টার ফুয়াদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাফিল বলেন, ‘সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ফুয়াদ সাহেব বলেছেন যে, সেতুকে কেন্দ্র করে স্থানীয় লোকজন চাঁদা চাচ্ছে। অথচ ওই সেতুর টেন্ডারও হয়নি। এর প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সদস্য রাজন সিকদার তাঁর কাছে জানতে চেয়েছেন—কে চাঁদাবাজি করছে, তা বলে যান। এ সময় ফুয়াদের লোকজন রাজন ভাইকে ধাক্কা দেয়। এ নিয়ে সেখানে ধাক্কাধাক্কি এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়েছে। পরে এর প্রতিবাদে মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।’
তবে এবি পার্টির বরিশাল জেলা সদস্যসচিব জি এম রাব্বি বলেন, ‘উনারা (ছাত্রদল-যুবদল) ইনটেনশনালি ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের ওপর হামলা করতে চেয়েছেন। আমরা প্রতিহত করেছি। এরপর আমরা রেঞ্জ ডিআইজির কাছে এসে বিষয়টি অবহিত করেছি।’
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অরবিন্দ দাস বলেন, ‘সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপদেষ্টারা চলে গেলে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। আমাদের ফোর্স ছিল সেখানে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি।’
প্রসঙ্গত, আজ বেলা সাড়ে ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জের ছেলে ব্যারিস্টার ফুয়াদ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৫ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৫ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগে