Ajker Patrika

ট্রলারডুবির ৭ দিন পর ভেসে উঠল নিখোঁজ রাকিবের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
ট্রলারডুবির ৭ দিন পর ভেসে উঠল নিখোঁজ রাকিবের মরদেহ
ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরির ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া রাকিব খান। ছবি: সংগৃহীত

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার সাত দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব ট্রলারডুবির পর থেকে নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানংলা গ্রামের শেয়ালডাঙ্গী এলাকায় পশুর নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেন। খবর পেয়ে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের জানান, মরদেহটি বেশ কয়দিন আগের হওয়ায় বিকৃত হয়ে গিয়েছিল। নিখোঁজ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি রাকিবের দেহ। নিহতের মামা কামরুল ইসলাম ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর ভাগনে রাকিবের বলে শনাক্ত করেন।

আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে নগরীর ভৈরব নদের জেলখানা ঘাট পারাপারের সময় ফেরির ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। সে সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন রাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত