
দুই শতাব্দীরও বেশি সময় ধরে নিশ্চুপ দাঁড়িয়ে আছে একটি ভবন। অসংখ্য মানুষের কান্না, কৃষকের আর্তনাদ, লাঠিয়ালদের বুটের শব্দ, নীলকরদের নিষ্ঠুরতা—সবকিছুরই নীরব সাক্ষী এই ঘর। আজ আর সেখানে শোনা যায় না চাবুকের শব্দ কিংবা অত্যাচারিত কৃষকের আহাজারি। বরং প্রতিদিন শত শত মানুষ সেখানে আসেন জমির খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর ও নানা সরকারি সেবা নিতে। ইতিহাসের নির্মম অতীতকে পেছনে ফেলে জনসেবার নতুন পরিচয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাকুণ্ডি গ্রামের দুই শতকের পুরোনো ঐতিহাসিক নীলকুঠি।
বাংলার নীল বিদ্রোহ, কৃষকের রক্তে রঞ্জিত সংগ্রাম আর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের এক নির্মম অধ্যায়ের জীবন্ত স্মারক এই স্থাপনাটি আজও স্থানীয় মানুষের কাছে ইতিহাসের এক মূল্যবান দলিল।
স্থানীয় প্রবীণ ব্যক্তি, ইতিহাস-সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৮০০ সালের দিকে চুন-সুরকি দিয়ে নির্মিত ছয় কক্ষবিশিষ্ট এই ভবনটি ছিল ব্রিটিশ নীলকরদের অন্যতম প্রশাসনিক কেন্দ্র। ভবনের চারপাশে এখনো দাঁড়িয়ে থাকা সাতটি প্রাচীন দেবদারুগাছ যেন সময়ের প্রহরী হয়ে অতীতের স্মৃতি বহন করে চলেছে। বাতাসে দুলতে থাকা সেই গাছগুলোর দিকে তাকালে মনে হয়, তারা হয়তো এখনো শুনতে পায় দুই শতক আগের মানুষের আর্তচিৎকার।
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর বাংলার রাজনৈতিক ভাগ্য বদলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর ইউরোপে প্রাকৃতিক নীলের চাহিদা দ্রুত বাড়তে থাকে। ১৭৭৭ সালের পর থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য নীলকুঠি। উর্বর মাটি, পদ্মা নদীর নৌপথ এবং কৃষি উপযোগী পরিবেশের কারণে কুষ্টিয়ার দৌলতপুরও হয়ে ওঠে নীল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু এই নীল ছিল না উন্নয়নের প্রতীক; ছিল শোষণ আর নির্যাতনের অন্য নাম।
ইতিহাসবিদদের মতে, কৃষকদের সামান্য অগ্রিম অর্থ বা ‘দাদন’ দেওয়া হতো। প্রথমে সেই অর্থকে সহায়তা মনে হলেও পরে সেটিই পরিণত হতো শোষণের ফাঁদে। খাদ্যশস্যের বদলে বাধ্য করা হতো নীল চাষে। নীল চাষে অস্বীকৃতি জানালেই নেমে আসত অমানবিক নির্যাতন। লাঠিয়াল বাহিনীর হামলা, কৃষকদের বেঁধে নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ—এসব ছিল নীলকরদের অত্যাচারের নিত্যদিনের চিত্র।
এই নির্যাতনের বিরুদ্ধে বাংলার কৃষক একসময় রুখে দাঁড়ান। ১৮৫৯ থেকে ’৬০ সালের ঐতিহাসিক নীল বিদ্রোহ শুধু একটি কৃষক আন্দোলন ছিল না; এটি ছিল শোষণের বিরুদ্ধে বাংলার মানুষের আত্মমর্যাদা ও স্বাধীনচেতা মনোভাবের এক অনন্য প্রকাশ। সেই আন্দোলনের স্মৃতি বহন করে চলেছে দৌলতপুরের এই নীলকুঠিও।
সময়ের প্রবাহে বদলে গেছে ইতিহাসের সেই নিষ্ঠুর অধ্যায়। যে ভবনে একসময় কৃষকদের ভাগ্য নির্ধারণ করতেন নীলকরেরা, সেই ভবনেই এখন পরিচালিত হচ্ছে হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। প্রতিদিন ভূমি-সংক্রান্ত নানা সেবা নিতে সাধারণ মানুষ আসছেন এখানে। যে স্থানে একদিন কৃষকেরা ভয়ে কাঁপতেন, আজ সেই স্থানই কৃষকের অধিকার নিশ্চিত করার সরকারি দপ্তর।
তবে সময়ের ভারে ক্লান্ত হয়ে পড়েছে প্রায় দুই শতকের পুরোনো এই স্থাপনাটি। ছাদের বিভিন্ন অংশে ফাটল, দেয়ালের পলেস্তারা খসে পড়া এবং কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। মূল কাঠামো এখনো টিকে থাকলেও দ্রুত সংস্কার না হলে হারিয়ে যেতে পারে ইতিহাসের এই অমূল্য নিদর্শন।
জানা যায়, একসময় দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি, পচামাদিয়া ও হোসেনাবাদ এলাকাতেও নীলকুঠি ছিল। সেখান থেকেও পরিচালিত হতো নীলের ব্যবসা। কিন্তু সংরক্ষণের অভাবে একে একে বিলীন হয়ে গেছে সেসব ঐতিহাসিক স্থাপনা। বর্তমানে হোসেনাবাদ ও মহিষকুন্ডিতে নতুন ভবনে ইউনিয়ন ভূমি অফিস পরিচালিত হলেও ইতিহাসের সেই ভবনগুলো আর টিকে নেই। প্রবীণদের স্মৃতি আর কিছু ধ্বংসাবশেষই শুধু জানান দেয় অতীতের অস্তিত্ব।
স্থানীয় বাসিন্দা তানভির কবির বলেন, ‘দৌলতপুরের এই নীলকুঠি শুধু একটি পুরোনো ভবন নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। যথাযথ সংরক্ষণ করা হলে এটি ইতিহাসপ্রেমী, গবেষক ও পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।’
হোসেনাবাদ গ্রামের প্রবীণ আব্দুল মান্নান বলেন, ‘ছোটবেলায় বাবার মুখে ইংরেজদের অত্যাচারের অনেক গল্প শুনেছি। তখন এই জায়গার নাম শুনলেই মানুষ ভয় পেত। আজ সেই জায়গাতেই ইউনিয়ন ভূমি অফিস। আগে যেখানে কৃষকদের ওপর নির্যাতন হতো, এখন সেখানে কৃষকেরা নিজেদের জমির কাগজপত্রের কাজ করেন, ভূমি উন্নয়ন কর দেন। সময় সত্যিই অনেক কিছু বদলে দিয়েছে।’
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘বর্তমানে ভবনটি ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। উপজেলার চারটি নীলকুঠির মধ্যে তিনটি স্থানে বর্তমানে ভূমি অফিস পরিচালিত হচ্ছে।’
ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না; টিকে থাকে ইট-পাথর, গাছপালা, স্থাপত্য আর মানুষের স্মৃতির ভাঁজে। দৌলতপুরের এই নীলকুঠি তেমনই এক নীরব ইতিহাস, যা আমাদের মনে করিয়ে দেয় ঔপনিবেশিক শোষণের কালো অধ্যায়, কৃষকের আত্মত্যাগ এবং সময়ের অবিশ্বাস্য পরিবর্তনের কথা।
আজ এই ভবন শুধু একটি সরকারি দপ্তর নয়; এটি অতীত ও বর্তমানের এক অনন্য সেতুবন্ধন। যে দেয়াল একদিন নিপীড়নের প্রতীক ছিল, সেই দেয়ালই আজ মানুষের অধিকার ও সেবার আশ্রয়স্থল। তাই ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে দৌলতপুরের এই দুই শতকের নীলকুঠিকে সংরক্ষণ করা এখন সময়ের দাবি।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে