Ajker Patrika

দুই শ্রমিক সংগঠনের বিরোধের অবসান, চাঁদার টাকা বাঁটোয়ারা করে দিল পুলিশ

দুই শ্রমিক সংগঠনের বিরোধের অবসান, চাঁদার টাকা বাঁটোয়ারা করে দিল পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দুই শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে এ সমঝোতা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান হয়েছে ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে। পুলিশের মধ্যস্থতায় বৈঠকের পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন দুই সংগঠনের নেতারা।

সমঝোতা অনুযায়ী, এখন থেকে লোকাল বাস থেকে ৩০ টাকা করে চাঁদা উত্তোলন করা হবে। উত্তোলন করা অর্থ দুই শ্রমিক সংগঠন ১৫ টাকা করে ভাগ করে নেবে। পাশাপাশি দূরপাল্লার বাসের চাঁদা ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাস মালিকেরা এতে সম্মতি দিলে ৪০ টাকা করে চাঁদা নিয়ে দুই সংগঠন ২০ টাকা করে ভাগ করে নেবে। তবে বাস মালিকদের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস থেকেও ৩০ টাকা করে চাঁদা উত্তোলন করে সমানভাবে ভাগ করা হবে।

আজ শুক্রবার বিকেলে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দুই শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হকের নেতৃত্বে দুই সংগঠন ও বাস মালিক সমিতির নেতারা অংশ নেন। দীর্ঘদিনের বিরোধের অবসানের পর বৈঠক শেষে দুই সংগঠনের নেতারা পরস্পরকে জড়িয়ে ধরে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করেন।

বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি নাসির উদ্দিন এবং জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, চাঁপাইনবাবগঞ্জ—ঢাকা বাসস্ট্যান্ড থেকে উভয় সংগঠন চাঁদা উত্তোলন করবে। তবে হরিপুর এলাকা থেকে কোনো সংগঠন চাঁদা উত্তোলন করবে না।

জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, ‘সদর মডেল থানায় দুই শ্রমিক সংগঠন ও বাস মালিক সমিতির নেতারা বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ—ঢাকা বাসস্ট্যান্ড থেকে চাঁদার টাকা উত্তোলন করা হবে এবং তা অর্ধেক করে ভাগ করে নেওয়া হবে। আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তার অবসান হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. একরামুল হক বলেন, ‘জেলা প্রশাসকের অফিস থেকে আমাদের জানানো হয়েছিল, দুই সংগঠনেরই বৈধ কাগজপত্র রয়েছে। তবে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদা উত্তোলন নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। আমরা বসে বিষয়টি মিটিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত