
ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফেরার পথে বাসে উঠে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কবলে পড়েন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলম। বাসের অন্য যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের রাস্তায় নামিয়ে দেওয়ার পর জাহাঙ্গীরকে বাসের ভেতর জিম্মি করে মারধর করা হয়। তখন ছুরি দেখিয়ে তাঁর কাছে দাবি করা হয় পাঁচ লাখ টাকা মুক্তিপণ। প্রাণ বাঁচাতে স্বজনদের কাছ থেকে বিকাশে ১ লাখ ৩০ হাজার টাকা এনে দেন তিনি। এরপরও থামেনি চক্রটির টাকা আদায়ের চেষ্টা। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
একপর্যায়ে নারায়ণগঞ্জের দিকে না গিয়ে বাসটি আবদুল্লাহপুর ঘুরে আবার ময়মনসিংহের দিকে রওনা হলে আতঙ্ক আরও বেড়ে যায় জাহাঙ্গীরের। বিষয়টি আঁচ করতে পেরে তিনি স্বজনদের জানান। পরে তাঁর ছোট ভাই শাহারুল র্যাবকে খবর দেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মুক্তিপণের টাকা পাঠানোর কাজে ব্যবহৃত মুঠোফোনের অবস্থান শনাক্ত করে বাসটির গতিবিধি অনুসরণ শুরু করে র্যাব। ত্রিশাল ও দিঘারকান্দা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দিঘারকান্দা এলাকায় বাসটি থামানোর চেষ্টা করলে কয়েকজন সদস্য পালিয়ে গেলেও চক্রটির মূল হোতা জাবেল ইকবাল বাদল ওরফে ‘বিহারি বাদল’কে আটক করে র্যাব। পরে বাসের ভেতর থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়। আটক বাদল ময়মনসিংহ নগরের পাটগুদাম মদের ডিপো এলাকার বাসিন্দা। অভিযানে ব্যবহৃত বাসটিতে তল্লাশি চালিয়ে ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, ইনস্যুরেন্সের কাজেই তিনি ভালুকায় গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জে ফেরার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বাস তাঁকে তুলে নেয়। কিছুদূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন, বাসের দুই-তিনজন যাত্রী ছাড়া প্রায় সবাই একই চক্রের সদস্য।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, বাসটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল একটি চক্র। খবর পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় টাকা পাঠানোর কাজে ব্যবহৃত মুঠোফোনের অবস্থান শনাক্ত করা হয়। সেই তথ্যের ভিত্তিতে বাসটির গতিবিধি অনুসরণ করে ত্রিশাল ও দিঘারকান্দা এলাকায় চেকপোস্ট বসানো হয়। কোম্পানি কমান্ডার বলেন, রাত ১২টার দিকে দিঘারকান্দা এলাকায় বাসটি থামানোর চেষ্টা করলে চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় জাবেল ইকবাল বাদল ওরফে ‘বিহারি বাদল’কে আটক করা হয়। পরে বাসের ভেতর থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়।

পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
৩ ঘণ্টা আগে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
৩ ঘণ্টা আগে