সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

সরকারের সমালোচনা করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশের দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। ওই নারীকে তাঁর মালিকানাধীন বিউটি পারলারে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে দেওয়া হয়।
গতকাল রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের ভাষ্যমতে, সম্প্রতি সাথী আক্তার তাঁর বিউটি পারলারে বসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীকালে স্থানীয় বিএনপি কর্মীরা জড়ো হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত সাথী আক্তারকে হেফাজতে নেয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’









