Ajker Patrika

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি
নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার
হাসান মামুন ও নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটপ্রার্থী নুরুল হক নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তবে বহিষ্কারের বিষয়ে হাসান মামুন দাবি করেছেন, তিনি আগেই দল থেকে পদত্যাগ করেছেন। তাঁর ভাষ্য, ২৮ ডিসেম্বর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রুহুল কবির রিজভীর হোয়াটসআপেও দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন হাসান মামুন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ছেড়ে দেয় বিএনপি। এরপরও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। গতকাল মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি নিজ উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন, যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে হাসান মামুন বলেন, ‘আমি দল থেকে পদত্যাগ করে মনোনয়ন দাখিল করেছি। এখন এটার দরকার ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত