Ajker Patrika

চাঁদপুরে ভাবিকে নিয়ে উধাও পৌর এনসিপির আহ্বায়ক

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৪
চাঁদপুরে ভাবিকে নিয়ে উধাও পৌর এনসিপির আহ্বায়ক
পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে এক নারীকে নিয়ে উধাও হাওয়ার অভিযোগ উঠেছে পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। ওই নারী সম্পর্কে তাঁর চাচাতো ভাইয়ের স্ত্রী।

এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ আজ রোববার সকাল ১০টায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

গতকাল শনিবার রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। অভিযোগে বলা হয়েছে, এরপর থেকে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

আজ রোববার সকালে মরিয়ম বেগমের পরিবারের সদস্যরা শাহরাস্তি মডেল থানায় এসে অভিযোগ করেন। এ সময় তাঁর দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে। শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে তারা উধাও হন।’

অন্যদিকে, মরিয়ম বেগমের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তাঁর পুত্রবধূ যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁরা বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত