
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের দুটি আঞ্চলিক সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে জমে থাকছে হাঁটুপানি। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন, ঘটছে দুর্ঘটনাও।
সরেজমিন দেখা গেছে, শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক ফরিদ হোসেন বলেন, ‘সিএনজির অর্ধেকটা পানিতে তলিয়ে যায়। আমরা তো রাস্তা চিনি, কিন্তু নতুন চালকেরা মাঝখান দিয়ে গেলে গর্তে পড়ে যানবাহন উল্টে যাচ্ছে প্রায়ই।’
মোটরসাইকেলচালক শাহিন আলম বলেন, ‘মোটরসাইকেলের ইঞ্জিন পর্যন্ত পানিতে তলিয়ে যায়। পাথর উঠে গিয়ে জায়গায় জায়গায় খানাখন্দ হয়েছে। এমন শহরের সড়ক যদি এমন হয়, বাইরে কী অবস্থা বুঝতেই পারছেন।’
ব্যবসায়ী আলাল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাশেই উপজেলা পরিষদ ও পৌরসভা, অথচ এই সড়কের এই হাল। বহুদিন ধরে অবস্থা এমনই। প্রতিদিন অফিসগামী মানুষ ও শিল্প কারখানার কনটেইনারবাহী ট্রাক চলাচলের কারণে যানজট লেগেই থাকে। কোনো সংস্কার হচ্ছে না।’

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ আখতার বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে দুটি সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘এ দুটি সড়ক উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। ভাঙা সড়কে জনদুর্ভোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে স্থায়ী সংস্কারের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভোগান্তি কমে আসবে।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৫ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৫ ঘণ্টা আগে