Ajker Patrika

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহার আগে সড়কে যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।

আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন-অর-রশিদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, জিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম ও আধিপত্যবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, সড়কে যানজট ও চাঁদাবাজি বন্ধ করতে হলে পুলিশ বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং ট্রাফিক বিভাগকে আধুনিক ও দক্ষ কাঠামোয় ঢেলে সাজাতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ এবং চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দাবি জানান তারা। পরিবহন খাতে সক্রিয় মাফিয়াদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে ট্রাফিক বিভাগের এটিএসআই ও টিএসআই সদস্যদের দীর্ঘদিনের পদোন্নতি বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়। বক্তাদের দাবি, পুলিশের অন্যান্য শাখায় পদোন্নতির হার সন্তোষজনক হলেও ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ এই দুটি পদে পদোন্নতি অত্যন্ত সীমিত, যা সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বক্তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রায় ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদ সৃষ্টি করা হয়। এর মধ্যে ২ হাজার পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হলেও বাকি পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া বর্তমান সরকারের আমলে আরও ৪ হাজার এসআই নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।

তাঁরা আরও বলেন, ২০২৪-২০২৫ সালে পুলিশের বিভিন্ন শাখায় শতভাগের কাছাকাছি পদোন্নতি দেওয়া হলেও ট্রাফিক বিভাগে ৫৫৯ জন এটিএসআই এবং ৬০ জন টিএসআই বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। অথচ মাত্র ৩০ জন এটিএসআই ও ৫ জন টিএসআইকে পদোন্নতি দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার অভিযোগের বিষয় নিয়ে বক্তারা বলেন, অন্যান্য বিভাগে শতভাগ পদোন্নতি হলেও ট্রাফিক বিভাগে বৈষম্য করা হচ্ছে। তারা দিনরাত রোদ-বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করলেও প্রাপ্য সম্মান ও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দক্ষ জনবলের পাশাপাশি কর্মরত সদস্যদের মনোবল ও কাজের স্পৃহা ধরে রাখতে সময়মতো পদোন্নতি নিশ্চিত করা জরুরি। অন্যথায় দীর্ঘ মেয়াদে ট্রাফিক বিভাগ দক্ষ নেতৃত্ব সংকটে পড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত