
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার দিবাগত মধ্যরাতে ঘটে এ ঘটনা। প্রতারণার শিকার ওই ব্যক্তির নাম মোহাম্মদ বাবুল হোসেন ওরফে জামাল (৩৫)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়া বাধা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, জামাল পেশায় দরজি। গ্রামের ছোট একটি টেইলার্সের দোকান চালিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। উন্নত জীবনের আশায় ২০২০ সাল থেকে বিদেশ যাওয়ার জন্য ধীরে ধীরে টাকা জমিয়েছিলেন। একাধিকবার প্রতারণার শিকারও হয়েছেন।
জামাল জানান, ২০২১ সালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য প্রায় আড়াই লাখ টাকা দেন, কিন্তু যেতে পারেননি। পরে সৌদি আরব যাওয়ার আশায় আরও ৫০ হাজার টাকা দেন। তবুও ভিসা পাননি। ২০২৪ সালে বেলারুশ যেতে একটি এজেন্সির সঙ্গে সাড়ে সাত লাখ টাকার চুক্তি করে কয়েক ধাপে তিন লাখ টাকা দেন। এ দফায়ও ব্যর্থ হন জামাল। জমা দেওয়া সেই টাকাও পুরোপুরি ফেরত পাননি এখনো।

জামাল আরও বলেন, ইউটিউবের একটি চ্যানেলের মাধ্যমে ‘সোহেল’ নামের এক ব্যক্তির সঙ্গে সম্প্রতি যোগাযোগ হয় তাঁর। ওই ব্যক্তি থাইল্যান্ডে তাঁর পরিচিত ‘আফ্রিদি’ নামের এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেন এবং মাসে ৫০ হাজার টাকার বেশি বেতনের আশ্বাস দেন। আফ্রিদি নামের ওই ব্যক্তি থাইল্যান্ডে বিডি ফুড নামের একটি প্রতিষ্ঠান চালান বলে সোহেল দাবি করেছিলেন।
বিমানবন্দর সূত্র বলেছে, অভিযুক্ত সোহেলের বাড়ি মাদারীপুরে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। কুয়ালালামপুরে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলেও জানা গেছে।
জামাল বলেন, ‘আফ্রিদির কাছে বিকাশ, নগদ ও হুন্ডির মাধ্যমে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা পাঠাই। পরে তারা ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজ পাঠায়। রোববার রাত ২টায় ফ্লাইটের কথা ছিল। কিন্তু বিমানবন্দরে ঢুকে জানতে পারি, সব কাগজই জাল।’ তিনি আরও জানান, সুদে, ধার করে এবং দোকানের মালামাল বিক্রি করে ওই টাকা জোগাড় করেছিলেন তিনি। এখন ঋণের বোঝা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।
জামাল বলেন, ‘মানুষের টাকা কীভাবে শোধ করব বুঝতে পারছি না। এলাকায় সবাই জানে আমি বিদেশ যাচ্ছি। এখন বাড়ি ফেরারও সাহস পাচ্ছি না।’
বিমানবন্দরে দায়িত্ব পালনরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের প্রতারণার ঘটনা নতুন নয়। গত বছরও ১১ জন ব্যক্তি ভুয়া ভিসা ও টিকিট নিয়ে বিমানবন্দরে এসে প্রতারিত হওয়ার বিষয়টি জানতে পারেন। তখন তাদের সঙ্গে থাকা এক অভিভাবক মানসিক আঘাতে অচেতন হয়ে পড়েন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৮ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে