
পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত কক্ষ থাকলেও তাঁদের নিয়মিত উপস্থিতি নেই। ফলে ইউনিয়ন পর্যায়ে সেবা পাওয়ার সুযোগ থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে তাঁদের যেতে হচ্ছে উপজেলা সদরে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বসার জন্য আলাদা কক্ষ বরাদ্দ রয়েছে। কিন্তু অনেক কক্ষই দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে থাকে। এতে প্রত্যন্ত এলাকার মানুষের ভোগান্তি বাড়ছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন দুর্গম চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা। তাঁদের প্রায় দুই কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে উপজেলা সদরে গিয়ে বিভিন্ন দপ্তরের সেবা নিতে হয়। একইভাবে ধুলিয়া, কেশবপুর, কাছিপাড়া, কালিশুরী, বগা ও আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দাদেরও নানা প্রয়োজনে উপজেলা সদরে যেতে হচ্ছে। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে তাঁদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের নীতিমালা অনুযায়ী এলজিইডির সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল মেকানিক, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী, প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা, ভেটেরিনারি ফিল্ড অফিসার, সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী এবং আনসার-ভিডিপির দলনেতাদের ইউনিয়ন পরিষদের নির্ধারিত কক্ষে বসে স্থানীয় বাসিন্দাদের সেবা দেওয়ার কথা।
সম্প্রতি উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা কয়েকটি কক্ষ তালাবদ্ধ দেখা যায়। সেবা নিতে আসা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেও কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতির বিষয়ে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ মৌসুমী আক্তার রুমা বলেন, সরকারি কর্মকর্তাদের বসার জন্য ইউনিয়ন পরিষদে কক্ষ বরাদ্দ রয়েছে, বিষয়টি তিনি জানতেন না। এ বিষয়ে তাঁকে আগে কেউ কিছু জানাননি। তবে কর্মকর্তারা নিয়মিত পরিষদে বসলে স্থানীয় বাসিন্দারা সহজেই প্রয়োজনীয় সেবা পেতেন।
মৌসুমী আক্তার আরও বলেন, দূরবর্তী এলাকার মানুষকে সেবা নিতে উপজেলা সদরে যেতে হলে সময় ও অর্থ—দুটিই বেশি ব্যয় হয়। ইউনিয়ন পরিষদে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের মতে, ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা গেলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমার পাশাপাশি সরকারি সেবা গ্রহণও সহজ হবে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত যেতে পারছেন না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এতে উপজেলা সদরে যাতায়াতের বাড়তি সময় ও খরচ বাঁচবে এবং ইউনিয়ন পর্যায়েই প্রয়োজনীয় সরকারি সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
১২ মিনিট আগে
কলেজের হিসাব শাখার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রত্যেক শিক্ষার্থীকে সেশন চার্জের সঙ্গে চিকিৎসাকেন্দ্র খাতে ২০ টাকা করে দিতে হয়। সে হিসাবে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে বছরে এ খাতে প্রায় ৬ লাখ টাকা জমা হওয়ার কথা।
১৫ মিনিট আগে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে