Ajker Patrika

সড়ক সংস্কারের দাবি না মানলে পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা ফুলবাড়ীবাসীর

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
সড়ক সংস্কারের দাবি না মানলে পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা ফুলবাড়ীবাসীর
শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি না মানলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমা পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ব্যানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তাঁরা।

‘সড়ক দ্রুত সংস্কার করুন, জনগণের ভোগান্তি বন্ধ করুন, অবহেলা আর নয়, সড়ক সংস্কার চাই’—এই স্লোগানকে সামনে রেখে পৌর শহরের পশ্চিম গৌরিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের নিমতলা মোড় মুন্সি হোটেল থেকে টাওয়ারের মোড় পর্যন্ত বউবাজার সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলাকার শত শত পৌর নাগরিক এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য দেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাশার, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী খনিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এস এম নুরুজ্জামান, ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন, জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের অবহেলিত পৌর শহরের পশ্চিম গৌরিপাড়া, ৪ নম্বর ওয়ার্ডের নিমতলা মোড় মুন্সি হোটেল থেকে টাওয়ারের মোড় পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। বর্ষাকালে সড়কের ওপর পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়। খানাখন্দে ভরা ওই সড়ক চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী বারবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কর্ণপাত করেনি।

পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কার বাস্তবায়নের ঘোষণা না দিলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সে সঙ্গে সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর ট্যাক্স দেওয়া বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তাঁরা।

বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার এই কাজগুলো হয়ে থাকে। চাহিদা দেওয়া আছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়ে এলেই কাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত