Ajker Patrika

কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল মরদেহ

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩০
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল মরদেহ
নিখোঁজ অপ্রতিম। ছবি: সংগৃহীত

কুমিল্লায় নিখোঁজের এক দিন পর ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান আজ শনিবার দুপুরে বলেন, খবর পেয়ে তিনি সদর দক্ষিণ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসেছেন। শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধারের কাজ চলছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকায় নিজেদের বাসা থেকে বের হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি।

ছেলেকে খুঁজে না পেয়ে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তার মা ড. নাহিদা বেগম। সেখানে তিনি জানান, অপ্রতিমের বয়স ১৩ বছর। সে সপ্তম শ্রেণিতে পড়ে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি পাঞ্জাবি। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ফেসবুক পোস্টে ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন নাহিদা বেগম। তিনি জানান, বিষয়টি থানায়ও জানানো হয়েছে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলের নিখোঁজের ঘটনায় সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ শনিবার ছেলের মরদেহ পাওয়া গেছে। তিনি দ্রুত ছেলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মুঠোফোনটির অবস্থান গন্ধমতী এলাকায় দেখা যাচ্ছিল। এরপর আর ফোনটির কোনো অবস্থান পাওয়া যায়নি। অপ্রতিম সাধারণত যেসব বন্ধুর সঙ্গে চলাফেরা করত, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই বন্ধুরা নিজ নিজ বাসায় রয়েছে বলে জানিয়েছেন তার বাবা।

এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে অপ্রতিমের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত