
বিএনপি জুলাই সনদের বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনি ভিত্তি দিতে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করে সরকার। এ জন্য একজন সংসদ সদস্যকে দুটি শপথ গ্রহণ করার কথা। কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে।
গোলাম পরওয়ার বলেন, এখন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কার আদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সঙ্গে প্রতারণা করছে।
জামায়াত সেক্রেটারি বলেন, প্রায় ৫ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জ্বালা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যেসব সংস্কার প্রয়োজন, বিএনপি সেসব সংস্কার প্রস্তাব বাতিল করে মূলত ফ্যাসিবাদী শাসনের দিকেই ধাবিত হচ্ছে।
বগুড়া উপনির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রশাসনের উদ্দেশে এ জামায়াত নেতা বলেন, ‘সরকারি দলের প্রার্থীর লোকেরা জামায়াতের নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকাকে আপনারা আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না।’ তিনি জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সমৃদ্ধশালী বগুড়া গড়তে ৯ এপ্রিল দাঁড়িপাল্লায় ভোট দিতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান।
উপনির্বাচনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগপার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।
অনুষ্ঠানে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ উন্নয়ন পরিকল্পনা পাঠ করে শোনান।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ও পরবর্তীতে সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা বাংলাদেশি নাগরিক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ আগামীকাল সোমবার দেশে পৌঁছাবে। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে সৌদি এয়ারলাইনসের...
৩১ মিনিট আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানার একটি দল মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমনকে (২৩) গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে
বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
২ ঘণ্টা আগে